নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কন্যা সন্তান হওয়ায় সংসারে শুরু হয়েছিল অশান্তি। তার উপর নিত্যদিনের অভাব-অনটন। এই পরিস্থিতিতে মাত্র ১৯ দিনের কন্যাসন্তানকে বিক্রি করার চেষ্টার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ভেস্তে যায়। শিশুটিকে নিতে অস্বীকার করায় পাতকুয়োয় ফেলে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। পরে পাতকুয়োর পাশ থেকে শিশুটিকে উদ্ধার করেন এক মহিলা। বুধবার ঘটনাটি ঘটে কোণার নস্করপাড়া কালীবেদী এলাকায়। পুলিশ গিয়ে শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দম্পতি আগে নস্করপাড়া কালীবেদী এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক অশান্তি লেগেই থাকত। সেই কারণে দম্পতিকে বাড়ি থেকে তুলে দেওয়া হয়। সম্প্রতি তাঁদের কন্যাসন্তান হওয়ার পর অশান্তি আরও বাড়ে। অভিযোগ, পুত্রসন্তানের ইচ্ছা থাকায় স্ত্রীর উপর নির্যাতন করতেন স্বামী। তার উপর সংসারে নিত্যদিনের অভাব। স্বামী দিনমজুরের কাজ করেন। স্ত্রী পরিচারিকার কাজ করে সংসার চালান। এই পরিস্থিতিতে শিশুটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন মা।
অভিযোগ, শিশুটিকে দেওয়ার জন্য ওই মহিলা ফের ‘ক্রেতার’ বাড়ি যান। ১ লক্ষ ৬০ হাজার টাকায় শিশুটিকে দেওয়ার কথাও হয়। কিন্তু ওই বাড়ির লোকজন শিশুটিকে নিতে অস্বীকার করেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। অভিযোগ, সেই সময় শিশুটিকে পাতকুয়োয় ফেলে দেওয়ার চেষ্টা করেন মা। পরে পাতকুয়ার পাশেই শিশুটিকে ফেলে রেখে চলে যান তিনি। এক মহিলার তৎপরতায় উদ্ধার হয় সদ্যোজাত। খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ শিশুটির বাবা-মা এবং সংশ্লিষ্টদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে। কমিটির নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।



