Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬

মণিপুরে ফের অশান্তি! পাঁচ জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, জারি হল বিধিনিষেধ

নতুন করে ফের মণিপুরে অশান্তি! সেই কারণে ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যের পাঁচটি জেলায় আপাতত ৫দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

মণিপুরে ফের অশান্তি! পাঁচ জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, জারি হল বিধিনিষেধ
  • ৮ জুন, ২০২৫ ১০:০৬
Prefer us on Google

ইম্ফল, ৮ জুন: নতুন করে ফের মণিপুরে অশান্তি! সেই কারণে ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যের পাঁচটি জেলায় আপাতত ৫দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এমনকী ওই পাঁচটি জেলায় সম্পূর্ণ বন্ধ থাকবে ভিস্যাট ও ভিপিএন পরিষেবাও। জেলাগুলি হল- ইম্ফল পশ্চিম ও পূর্ব, থৌবল, বিষ্ণুপুর ও কাকচিং। গতকাল, শনিবার মাঝরাত থেকেই এই জেলাগুলিতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। সূত্রের খবর, মেইতেই নেতা আরমবাই টেঙ্গলকে গ্রেপ্তার করার পর থেকেই উত্তেজনা ছড়ায় মণিপুরে।

Advertisement

গতকাল, শনিবার সন্ধ্যার পর থেকেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন মেইতেই সম্প্রদায়ের মানুষেরা। এমনকী কয়েকটি জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষও বাঁধে বলে সূত্র মারফত জানা গিয়েছে। গতকাল, রাত থেকেই মণিপুরের বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন মেইতেই সম্প্রদায়ের মানুষেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিস ও নিরাপত্তা বাহিনী। আজ, রবিবার সকালেও বেশ কয়েকটি জায়গা থেকে অশান্তির খবর এসেছে। 

প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অশান্তির খবর ছড়িয়ে উত্তেজনার সৃষ্টি করতে পারে কিছু দুষ্কৃতী। তাতে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ করা হয়েছে। তবে শুধু ওই পাঁচজেলায় ইন্টারনেটই বন্ধ করেনি প্রশাসন, বেশ কিছু বিধিনিষেধও জারি করা হয়েছে। ইম্ফল পশ্চিম ও পূর্ব, থৌবল ও কাকচিংয়ে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাতে লাঠি, ধারাল অস্ত্র দেখলেই গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। বিষ্ণুপুর জেলায় কার্ফু জারি করা হয়েছে। রাজভবনগামী সমস্ত রাস্তায় চলছে নাকা চেকিং। মণিপুরে আপাতত চলছে রাষ্ট্রপতি শাসন। তারপরেও এই পরিস্থিতি থাকায় কটাক্ষ করেছে বিরোধীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ