নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাতায়াতের সময় এতদিন মোবাইলে কথা বলা প্রায় অসম্ভব হত। বাধা ছিল নেটওয়ার্ক সমস্যা। এবার সেই সমস্যায় ইতি টানল নেওয়ার্ক সরবরাহকারী সংস্থা এয়ারটেল। সমস্যা দূর করতে তারাই বিশেষ পদক্ষেপ করেছে। ফলে বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াতের সময় মোবাইল ফোনে কথা বলতে আর সমস্যা হবে না। দাবি করেছে সংস্থাটি।
কলকাতা থেকে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এই সেতু। এই সেতু দিয়ে দৈনিক কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। ভিভিআইপি যাতায়াতের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এই সেতু। তাই সুরক্ষা ব্যবস্থার প্রশ্নেও নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্কের প্রয়োজন ছিল। এই সেতুর উপর নেটওয়ার্ক সমস্যা মেটাতে কয়েকসপ্তাহ আগে নবান্নের তরফে একটি বৈঠক করা হয়। এদিন রাজ্য পূর্তদপ্তর, হাওড়া পুলিশ এবং নেটওয়ার্ক সংস্থার পদস্থ কর্তাদের উপস্থিতিতে এই সেতুর উপর দ্রুত গতির মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা চালু করা হয়।