গুয়াহাটি: দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বড়ো ঘোষণা হিমন্ত বিশ্বশর্মার। বুধবার তিনি জানান, আগামী ২৬ মে অসম বিধানসভায় পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল। ইতিমধ্যেই ইউসিসি-র খসড়া বিলে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সেইসূত্রে বিধানসভা অধিবেশনের শেষদিন অর্থাৎ ২৬ মে তা পেশ করা হবে। এনিয়ে হিমন্ত বলেন, ‘উত্তরাখণ্ড ও গোয়ায় জারি রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। গুজরাতেও এটি পাশ হয়েছে। আমরাও সেই পথে এগচ্ছি। তবে অসমের উপজাতি জনগোষ্ঠী ও তাদের রীতিনীতি, প্রথা, ঐতিহ্যকে এই বিধি থেকে আলাদা রাখা হয়েছে। কারণ অসমে বিভিন্ন সম্প্রদায় ও ভিন্ন ভিন্ন সংস্কৃতি রয়েছে।



