সংবাদদাতা, বেলদা: খড়্গপুর-বালেশ্বর জাতীয় সড়কে লাগাতার দুর্ঘটনার জেরে দাঁতনের মনোহরপুর এলাকায় আন্ডারপাস তৈরির দাবি উঠেছে। দাঁতনেরই ঘোলাইতে কয়েক বছর আগে লাগাতার দুর্ঘটনার জেরে তৈরি হওয়া একটি আন্ডারপাস অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। দুর্ঘটনায় রাশ টানতে না পারলেও সচেতনতার অভাবে ব্যবহার করা হচ্ছে না সেই আন্ডারপাস। হুঁশ নেই প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের।দাঁতন থানার আঙ্গুয়া পঞ্চায়েত অফিসের সামনে ঘোলাই মোড় এলাকায় লাগাতার দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ পথচারীদের জন্য আন্ডারপাস তৈরি করেছিল। কয়েক বছর আগে পঞ্চায়েতের উদ্যোগে সেই আন্ডারপাস সংযোগকারী ঢালাই রাস্তাও তৈরি করা হয়েছিল। সেইসময় তা উদ্বোধন করেছিলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। বর্তমানে সেই আন্ডারপাসটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। নোংরায় ভরে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ আন্দোলনের ফলে এই আন্ডারপাসটি তৈরির পর প্রথম কিছুদিন তা ব্যবহার করা হয়। কিন্তু মাসকয়েক যেতে না যেতেই তা ব্যবহার বন্ধ করে দেয় এলাকার মানুষ। লম্বা এই আন্ডারপাসের ভিতর অন্ধকার থাকায় দিনে ও রাতে যাতায়াতে সমস্যা দেখা দেয়। স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে আলোর ব্যবস্থা করা হলেও একসময় তা বন্ধ হয়ে যায়। ফলে সেই আন্ডারপাস ব্যবহার না করে সাধারণ মানুষ আবারও ঝুঁকি নিয়ে জাতীয় সড়কের উপর দিয়েই পারাপার করছেন। এদিকে লাগাতার দুর্ঘটনায় জেরে নড়েচড়ে বসেছে পুলিস-প্রশাসন।



