নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেলের মধ্যে ইট দিয়ে থেঁতলে খুন করা হল মাদক মামলায় বিচারাধীন এক বন্দিকে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে। এন্টালি থানার হাতে গাঁজা সহ ধরা পড়া ওই বিচারাধীন বন্দি মহম্মদ আলির মাথার পিছনে আঘাত রয়েছে। বাথরুমের কাছ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। দুই দল বন্দির মধ্যে সংঘর্ষের সময় তাঁকে খুন করা হল, নাকি কোনো সহবন্দি ব্যক্তিগত আক্রোশ মেটাতে এই খুন করেছে, তা জানতে তদন্ত শুরু করেছে লালবাজার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এন্টালি থানার একটি মাদক মামলায় প্রেসিডেন্সি জেলের ৪৪ নম্বর সেলে রয়েছে আলি। বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ রোল কলের সময় তার খোঁজ মেলেনি। টনক নড়ে প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষের। জেলে সাইরেন বাজানো হয়। শুরু হয় তল্লাশি। সেলের কাছেই থাকা বাথরুমের মধ্যে তাঁকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। কারা দপ্তরের অফিসাররা দেখেন ওই জায়গায় ছড়িয়ে রয়েছে চাপ চাপ রক্ত। অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন মহম্মদ আলি। তাঁর মাথার পিছনে আঘাত রয়েছে। এরপরই তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই বন্দিকে। খবর পেয়ে জেলে আসেন হেস্টিংস থানা ও লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররা। তাঁরা ওই জায়গা ভালো করে ঘুরে দেখেন। তদন্তকারীরা বুঝতে পারছেন, ইট দিয়ে থেঁতলে মহম্মদ আলিকে খুন করা হয়েছে। সূত্রের খবর, রক্তমাখা ইটটি মিলেছে। তদন্তে নেমে অফিসাররা জেনেছেন, বৃহস্পতিবার দুপুরে আলির সঙ্গে কয়েকজন সহবন্দির গোলমাল হয়। সেই ঝামেলায় আলির পক্ষ নেয় কয়েকজন। তর্কবিবাদ থেকে দু’পক্ষে সংঘর্ষ বাধে। তদন্তকারীদের অনুমান, তখনই ইট দিয়ে আঘাত করা হয়েছে আলিকে। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার সঙ্গে থাকা ওই সেলের অন্য বন্দিদের।



