বুলায়ায়ো: যুব বিশ্বকাপের শুরুটা দাপটে করেছে ভারত। আমেরিকাকে কার্যত উড়িয়ে দিয়েছে প্রথম ম্যাচে। ১১৮ বল বাকি থাকতে ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয় এসেছে ৬ উইকেটে। তবে শনিবার সামনে বাংলাদেশ। সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই ম্যাচটার আবহও থাকছে চড়া সুরে বাঁধা। আয়ুষ মাত্রের দল যতই প্রতিযোগিতার অন্যতম ফেভারিট হোক না কেন, উল্টোদিকে টাইগার বাহিনী মানেই তা মর্যাদার লড়াই। তবে নিজেদের প্রতিভা যথাযথভাবে মেলে ধরতে পারলে বৈভব সূর্যবংশীদের জিততে অসুবিধা হওয়ার কথা নয়।
ওপেনিংয়ে আয়ুষ ও বৈভবের জুটি যে কোনও আক্রমণ চুরমার করার ক্ষমতা ধরে। আমেরিকার বিরুদ্ধে এই জুটিতে অবশ্য বড় রান ওঠেনি। ১৪ বছর বয়সি বিস্ময় প্রতিভা বৈভব করে মাত্র ২। ক্যাপ্টেন আয়ুষের সংগ্রহ ১৯। তিনে নামা বেদান্ত ত্রিবেদি (২), সহ-অধিনায়ক ভিহান মালহোত্রা (১৮) বড় রানের অপেক্ষায়। বঙ্গ সন্তান অভিজ্ঞান কুণ্ডু অবশ্য আমেরিকার বিরুদ্ধে ভরসা জোগান। তাঁর ব্যাটে আসে অপরাজিত ৪২।
আমেরিকার বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক অবশ্য হেনিল প্যাটেল। গুজরাতের ভালসাদে জন্মানো ১৮ বছর বয়সি ডানহাতি পেসার ১৬ রানে নেন পাঁচ উইকেট। মূলত তাঁর বিধ্বংসী বোলিংয়েই ৩৫.২ ওভারে ১০৭ রানে দাঁড়ি পড়ে আমেরিকার ইনিংসে। বৃষ্টির জন্য ডি-এল নিয়মে ভারতের টার্গেট দাঁড়ায় ৩৭ ওভারে ৯৬। অনায়াসেই সেই লক্ষ্যে পৌঁছায় টিম ইন্ডিয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পাঁচবার জিতেছে নীল জার্সিধারীরা। এই প্রতিযোগিতায় আধিপত্য রয়েছে ভারতেরই। গত এক বছরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজে জয়ী হয়েছে দল। গত ১৭ ম্যাচের হিসাবে আমেরিকার বিরুদ্ধে জয়টা ভারতের ১৪তম। তবে বাংলাদেশও জিততে মরিয়া। ব্যাটিংয়ে ক্যাপ্টেন আজিজুল হাকিম, সহ-অধিনায়ক জাওয়াদ আবরার তাদের বড় ভরসা। গত দু’বছরে দুর্দান্ত ধারাবাহিক দু’জনে। কালাম সিদ্দিকিও রয়েছেন ছন্দে। পেসার ইকবাল হোসেন, আল ফাওয়াদ রয়েছেন বোলিংয়ের দায়িত্বে। বাঁ-হাতি স্পিনার সামিয়ুন বশিরের ইকনমি রেট আবার চারের নীচে। বৈভবদের তাই চ্যালেঞ্জ জানাতেই পারে পদ্মাপারের দলটি।
খেলা শুরু দুপুর ১টা। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে