দুবাই: প্রথম রান পেতে লেগেছিল ৬ বল। ক্রিজে একবার সেট হয়ে যেতেই দাপট শুরু। মাত্র ৫৬ বলে শতরান হাঁকাল বৈভব সূর্যবংশী। শেষ পর্যন্ত ৯৫ বলে এল ১৭১ রান। ৯টি চার ও ১৪টি ছক্কায় ইনিংস সাজানো। বৈভবের শতরানে ভর দিয়েই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে আমিরশাহিকে ২৩৪ রানে দুরমুশ করল ভারত। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ৬ উইকেটে তোলে ৪৩৩। জবাবে আমিরশাহি ৭ উইকেটে ১৯৯ রানে আটকে যায়।
যুব ওয়ান ডে’তে দ্রুততম শতরানের নজির বৈভবের নামেই রয়েছে। গত জুলাইয়ে ৫২ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছেছিল বিস্ময় বালক। আর শুক্রবার ৫৬ বলের শতরান সেই তালিকায় থাকল তিন নম্বরে। এদিন যুব ওডিআই’তে এক ইনিংসে সর্বাধিক ছক্কার ক্ষেত্রে অবশ্য নজির গড়ে বৈভব। ১৪টি ছক্কা মেরে টপকে যায় অস্ট্রেলিয়ার মাইকেল হিলকে (১২টি)। বৈভব ছাড়াও বড় রান অ্যারন জর্জ (৬৯) ও ভিহান মালহোত্রার (৬৯)। তবে ক্যাপ্টেন আয়ূষ মাতরের ব্যাট থেকে ৪ রানের বেশি আসেনি।
জবাবে ব্যাট করতে নেমে দলগত ৪৮ রানেই ৫ উইকেট হারায় আমিরশাহি। ধুঁকতে থাকা ইনিংসে পৃথ্বী মাধু (৫০) ও উদ্দিশ সুরি (অপরাজিত ৭৮) অক্সিজেন জোগান। তবে তা জেতার পক্ষে যথেষ্ট ছিল না। ভারতের সফলতম বোলার দীপেশ দেবেন্দ্রন ২টি উইকেট নেন।