নিজস্ব প্রতিনিধি, বারাসত: নাবালিকাকে ধর্ষণে এক প্রৌঢ়কে দোষী সাব্যস্ত করল বারাসত পকসো আদালতের বিচারক। দোষী সুজন দে (৫১)কে মঙ্গলবার সাজা শোনাবেন বিচারক। নির্যাতিতার পরিবার অভিযুক্তের সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, হাবড়া থানা এলাকার বাসিন্দা সুজন দে (৫১) ভাড়া থাকতেন নাবালিকাদের বাড়িতেই। সুজনকে নির্যাতিতা মামা বলে ডাকত। পরিবারের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল তার। নাবালিকা মানসিকভাবে অক্ষম ছিল। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বিভিন্ন অছিলায় নাবালিকাকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করত সে। ২০২২ সালের ২৮ জুন নির্যাতিতার বাবা হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হাবড়া থানার পুলিস সুজনকে গ্রেপ্তার করে। তিনবছর ধরে মামলা চলে বারাসত আদালতে। পুলিস সুজনের বিরুদ্ধে চার্জশিট দেয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোমবার বারাসতের পকসো কোর্টের বিচারক দোষী সাব্যস্ত করেছেন সুজনকে। মামলার সরকারি আইনজীবী শ্যামলকান্তি দত্ত বলেন, বিচারক সুজনকে দোষী সাব্যস্ত করেছেন। আজ, মঙ্গলবার সাজা ঘোষণা হবে।



