Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্যানিটেশন, কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্পে রাজ্যের সেরা উলুবেড়িয়া মহকুমা

শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

স্যানিটেশন, কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা  প্রকল্পে রাজ্যের সেরা উলুবেড়িয়া মহকুমা
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দূষণে লাগাম টানার পাশাপাশি এলাকাকে নির্মল রাখতে রাজ্যের প্রতিটি মহকুমায় তৈরি করা হয়েছে কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্প। এই কাজে অনবদ্য সাফল্য পাওয়ায় উলুবেড়িয়া মহকুমাকে পুরষ্কৃত করল রাজ্য সরকার। মহকুমা শাসক মানসকুমার মণ্ডল এই পুরস্কার গ্রহণ করেন। শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রশাসন সূত্রে খবর, স্যানিটেশন এবং কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্পে রাজ্যের ৬৯টি মহকুমার মধ্যে সেরা হয়েছে উলুবেড়িয়া।

Advertisement

উলুবেড়িয়া মহকুমা প্রশাসন সূত্রে খবর, এই মহকুমায় কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা, গ্রে-ওয়াটার ম্যানেজমেন্ট এবং শৌচালয় বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প— এই তিনটি বিভাগে কাজ চলছে। প্রশাসন সূত্রে খবর, মহকুমার ৬৬টি গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্পের কাজ চলছে। এছাড়াও ৫৫টি পঞ্চায়েতে এই প্রকল্প নির্মাণের কাজ এগচ্ছে। পাশাপাশি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গ্রে-ওয়াটার ম্যানেজমেন্টের কাজও হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, আমতা ২ নম্বর ব্লকে রাজ্যের মধ্যে প্রথম শৌচালয় বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প তৈরি হয়েছে। শ্যামপুর ১ নম্বর ব্লকেও এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এছাড়াও বিভিন্ন ব্লকে প্লাস্টিক ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ চলছে। সব মিলিয়ে গোটা মহকুমায় কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্পের কাজ জোরকদমে চলছে।
উলুবেড়িয়ার মহকুমাশাসক মানসকুমার মণ্ডল বলেন, এটি একটি সামগ্রিক প্রচেষ্টা। মহকুমার সমস্ত ব্লক আধিকারিক, পঞ্চায়েত কর্মী থেকে এই ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাই। জেলাশাসক ও অন্যান্য পদাধিকারীরাও সহযোগিতা করেছেন। সকলের সহযোগিতা ছাড়া এই কাজ সম্ভব হতো না। প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ