নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বাড়িতে টোটো থাকলে মিলবে না উজ্জ্বলা গ্যাসের সংযোগ। কেন্দ্রের বিজেপি সরকারের নয়া নির্দেশিকায় তাজ্জব উপভোক্তা থেকে শুরু ডিলাররা। তাঁদের মতে, কোনও পরিবারে টোটো বা তিন চাকার অন্য কোনও গাড়ি থাকা মানেই তিনি আর্থিক ভাবে সমৃদ্ধশালী, এটা ভাবার কারণ নেই। অনেকেই জীবন ধারণে বিভিন্ন জায়গা থেকে লোন করে টোটো কিনেছেন। কেন্দ্রীয় সরকার সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিজের তিন বা চারচাকা গাড়ি কিংবা মাছ ধরার বোট থাকলে তিনি প্রকল্পের সুবিধা পাবেন না। ডিলারদের দাবি, সব নির্দেশিকা মানা হলে বহু দরিদ্র পরিবার প্রকল্পের সুবিধা পাবে না। বহু ডিলারের কাছে এখনও পর্যন্ত মাত্র তিন থেকে চারটি আবেদন জমা পড়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কারও ৩০ স্কোয়ার মিটার কার্পেট এরিয়া নিয়ে বাড়ি থাকলেও তাঁকেও প্রকল্পের বাইরে রাখতে হবে। তিন-চার চাকার কৃষি যন্ত্রাংশ থাকা চলবে না। পরিবারের কোনও সদস্যর মাসে ১০ হাজার টাকা আয় হলে তাঁকে উজ্জ্বলা যোজনার বাইরে রাখতে হবে। এক ডিলার বলেন, মূল্যবৃদ্ধির এই সময়ে মাসে ১০ হাজার টাকায় সংসার চালানো দায়। অথচ, বলা হচ্ছে ১০ হাজার বেশি আয় হলে তাঁকে গ্যাসের সংযোগ দেওয়া যাবে না। এমন পরিবার খুঁজে পাওয়া দায়। ডিলারদেরকেই আবেদনপত্র খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। কেউ কোনও কিছু লুকিয়ে গেলে তার দায় ডিলারদের নিতে হবে। কোনও পরিবারের টোটো বা অন্য তিন চাকার গাড়ি রয়েছে কিনা, তা যাচাই করা ডিলারদের পক্ষে সম্ভব নয়। বাড়িতে যাওয়ার সময় কেউ বাইরে টোটো রাখলে কিভাবে বোঝা যাবে? পূর্ব বর্ধমানের গ্যাস ডিলার রাজীব ভৌমিক বলেন, উজ্জ্বলা যোজনার জন্য কয়েকজন উপভোক্তা আবেদন করেছেন। সেগুলি খতিয়ে দেখার পরই তাঁদের সংযোগ দেওয়া হবে। যেসব শর্ত মন্ত্রক থেকে দেওয়া হয়েছে, সেগুলি উপভোক্তাদের মেনে চলতে হবে।
গ্যাস উৎপাদনকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, আগের ধাপে অনেক ‘ধনী’ পরিবার এই প্রকল্পে সুবিধা পেয়েছিলেন। সংযোগ নেওয়ার পর অনেকে আর সিলিন্ডার তোলেনি। সেই সমস্ত পরিবারগুলিকে চিহ্নিত করে সিলিন্ডার ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ডিলারদের। তা নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেই কারণেই এবার বেশ কিছু নয়া শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। তবে সব শর্ত মানলে হাতে গোনা কয়েকটি পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন। বহু আবেদনপত্র বাতিল হয়ে যাবে। ডিলারদের মতে, টোটো বা অন্য মোটরচালিত যন্ত্র কেউ শখে কেনে না। সংসার চালানোর খরচ তুলতে এই সমস্ত যান অনেকেই ক্রয় করেন। তিন-চাকার যান শর্তের মধ্যে না রাখলেই পেট্রলিয়াম মন্ত্রক ভালো করত বলে তাদের মত।