মিউনিখ: রবিবার মিউনিখে নেশনস লিগের শিরোপা নির্ণায়ক ম্যাচে টাই-ব্রেকারে স্পেন কে ৫-৪ ব্যবধানে হারাল পর্তুগাল। হাড্ডাহাড্ডি ৯০ মিনিটে ম্যাচের ফল ছিল ২-২। স্প্যানিশ আর্মাডারদের হয়ে লক্ষ্যভেদ করলেন জুবিমেন্ডি ও ওয়ারজাবাল। পর্তুগালের হয়ে স্কোরশিটে নাম তুললেন নুনো মেন্ডিস এবং রোনাল্ডো। অতিরিক্ত সময়েও ম্যাচের মীমাংসা না হওয়ার খেলা গড়ায় টাই-ব্রেকারে। শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে ম্যাচ জেতে রবার্তো মার্তিনেজ ব্রিগেড।
দুই দলের কোচ ভরসা রেখেছিলেন ৪-৩-৩ ফর্মেশনে। প্রথম সুযোগ আসে ডে লা ফুয়েন্তে ব্রিগেডের সামনে। কিন্তু পেড্রির শট লক্ষে ছিল না। তবে ২১ মিনিটে লক্ষ্যভেদে সফল হলেন জুবিমেন্ডি (১-০)। পাঁচ মিনিট পরেই নুনো মেন্ডিস (১-১) সমতায় ফেরান পর্তুগালকে। প্রথমার্ধের শেষ পর্বে মিকেল ওয়ারজাবাল স্পেনের ব্যবধান ২-১ করেন। বিরতির পরেই অফসাইডের কারণে বাতিল হল ব্রুনো ফার্নান্ডেজের গোল। তবে ৬১ মিনিটে অভিজ্ঞ রোনাল্ডো ম্যাচে ফেরালেন পর্তুগালকে (২-২)। এক্ষেত্রে স্পেন রক্ষণের গাফিলতির ফায়দা নিলেন পর্তুগিজ মহাতারকা। নির্ধারিত সময়ে মীমাংসা না হওয়ায় ম্যাচ অতিরিক্ত সময়ের পরেও টাই-ব্রেকারে গড়ায়। এই পর্বে ৫-৪ ব্যবধানে ম্যাচ জেতে পর্তুগাল।