


লন্ডন: নির্ধারিত সময় পেরিয়ে খেলা গড়িয়েছে সংযোজিত সময়ে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার-ফাইনালে ঘরের মাঠে হার্ভে বার্নসের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নিউকাসল। টুর্নামেন্টে প্রতিপক্ষের ডেরায় হারের ভ্রূকুটি বার্সেলোনার সামনে। ঠিক তখনই বক্সের মধ্যে ড্যানি ওলমোকে ফাউল করেন মাইকেল তিয়াউ। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যা থেকে লক্ষ্যভেদে দলের হার বাঁচান লামিনে ইয়ামাল। ডাগ-আউটে হাফ ছেড়ে বাঁচলেন কোচ হান্স ফ্লিক। অ্যাওয়ে ম্যাচ ড্র করে প্রথম লেগে কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় রইল বার্সা। তবে ঘরের মাঠে লড়াইয়ে নামার আগে আপফ্রন্টের পারফরম্যান্স অবশ্যই চিন্তায় রাখছে জার্মান কোচকে। এদিন গোটা ম্যাচেই বেশ নিষ্প্রভ দেখায় রাফিনহা-লিওয়ানডস্কিদের। আগামী ১৮ মার্চ ফিরতি লেগে ক্যাম্প ন্যু’য়ে ফের মুখোমুখি হবে দু’দল।
চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে অবশ্য ধাক্কা খেল লিভারপুল। মঙ্গলবার প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে গালাতাসারের কাছে ০-১ গোলে বশ মানলেন মো সালাহরা। ম্যাচের ৯ মিনিটে তুরস্কের ক্লাবটিকে কাঙ্ক্ষিত লিড এনে দেন মারিও লেমিনা। এরপর একাধিক সুযোগ পেয়েও ম্যাচে সমতা ফেরাতে ব্যর্থ আর্নে স্লট ব্রিগেড। ফিরতি লেগে অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে দ্য রেডস ব্রিগেডের সামনে।
এদিকে, প্রথম লেগেই কার্যত শেষ আটের টিকিট নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার ইতালিয়ান ক্লাব আটালান্টাকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দেয় জার্মান চ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া লক্ষ্যভেদ মাইকেল ওলিসের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে জোসিপ স্টানিসিচ, সার্গে নাব্রি, নিকোলাস জ্যাকসন ও জামাল মুসিয়ানা। ম্যাচের সংযোজিত সময়ে আটালান্টার হয়ে ব্যবধান কমান মারিও পালাসিচ।
চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেল আতলেতিকো মাদ্রিদ। ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারকে ৫-২ বাবধানে বশ মানাল ডিয়েগো সিমিওনে ব্রিগেড। ম্যাচে জোড়া গোল জুলিয়ান আলভারাজের। এছাড়া বিজয়ী দলের হয়ে প্রতিপক্ষের জাল কাঁপান যথাক্রমে মার্কোস লরেন্তে, আঁতোয়া গ্রিজম্যান ও রবিন লে নরমান্ড। টটেনহ্যামের দুই গোলদাতা পেড্রো পোরো ও ডোমিনিক সোলাঙ্কে।