দুবাই: ফের পাক বধ ভারতের। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, বড়দের এশিয়া কাপের পর ছোটদের এশিয়া কাপেও দাপট জারি টিম ইন্ডিয়ার। রবিবার দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে পাকিস্তানকে ৯০ রানে দুরমুশ করলেন আয়ূষ মাত্রেরা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত তোলে ৪৬.১ ওভারে ২৪০। জবাবে দীপেশ, কণিষ্কদের আগুনে বোলিংয়ের সামনে ৪১.২ ওভারে ১৫০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জয়ের পর এদিনও পাক প্লেয়ারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা।
একটা সময় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মহারণের উত্তেজনা ছড়াতো। কিন্তু এখন লড়াই একপেশে। রবিবার দুবাইয়েও তার কোনও পরিবর্তন ঘটল না। প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটিতে ওঠে ২৯ রান। ক্যাপ্টেন আয়ূষ ২৫ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। অপর ওপেনার বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে অবশ্য ৫ রানের বেশি আসেনি। তবে দুরন্ত ব্যাট করেন অ্যারন জর্জ। ৮৮ বলে তাঁর ৮৫ রানের ইনিংস সাজানো ছিল ১২টি চার ও ১টি ছক্কা। শেষ দিকে কণিষ্ক চৌহ্বানের মূল্যবান ৪৬ রানে ভারতের স্কোর আড়াশোর কাছাকাছি পৌঁছয়। জবাবে ৩০ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। মিডল অর্ডারে হুজাইফা আহসান কিছু প্রতিরোধ গড়েছিলেন। ৮৩ বলে ৭০ রানের লড়াকু ইনিংস উপহার দেন তিনি। তবে হুজাইফা আউট হতেই ৪১.২ ওভারে গুটিয়ে যায় পাক দল। ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্র ও কণিষ্ক চৌহ্বান ৩টি করে উইকেট নেন।