নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ট্যাপকল চুরির প্রতিবাদ করায় বর্ধমানের ১৭ নম্বর ওয়ার্ডের তেলিপুকুরে একটি পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে এলাকার কাউন্সিলারের লেকজনদের বিরুদ্ধে। কাউন্সিলার দাঁড়িয়ে থেকে তাঁদের মারধর করিয়েছেন বলে পরিবারের সদস্যরা বর্ধমান থানায় লিখিত অভিযোগ করেছেন। তাঁরা অভিযোগপত্রে লিখেছেন, কিছুদিন ধরে তেলিপুকুরে ট্যাপ চুরি হচ্ছিল। ১৩ নভেম্বর ট্যাপকল চুরির সময় একজনকে হাতেনাতে ধরা হয়। থানায় বিষয়টি ফোন করে জানানো হয়। এই অপরাধে এলাকার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রূপালি কৈবর্ত্য লোকজন নিয়ে এসে হামলা করে। পরিবারের দাবি, তারা চোর সন্দেহে পাকড়াও হওয়া ওই যুবককে পার্টি অফিসে নিয়ে যেতে চাইছিল। ওদের ইচ্ছায় সায় না দেওয়াতেই হামলা করা হয়। ঘটনার পর থেকে তাঁরা আতঙ্কে রয়েছেন। এবিষয়ে কাউন্সিলার রূপালি কৈবর্ত্যকে ফোন করা হলেও তিনি ধরেননি। ম্যাসেজ করলেও তার উত্তর দেননি। বর্ধমান থানার এক পুলিস আধিকারিক বলেন, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা বলেন, আম্রুত প্রকল্পে শহরে জল প্রকল্পের কাজ চলছে। বিভিন্ন জায়গায় ট্যাপকল বসানো হচ্ছে। এছাড়া বাড়িতে বাড়িতে মিটার বসানো হচ্ছে। দুষ্কৃতীরা সেগুলি চুরি করে নিয়ে যাচ্ছে। তা নিয়ে পুরকর্তৃপক্ষও ক্ষুব্ধ। পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, এধরনের অভিযোগ আমাদের কাছেও আসছে। কয়েকটি ক্ষেত্রে থানায় অভিযোগ হয়েছে। পুলিস তদন্ত করছে। আশা করা যায় দুষ্কৃতীরা গ্রেপ্তার হবে।



