Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্যাব কাণ্ডে শিলিগুড়িতে ধৃতদের তোলা হল খড়্গপুর আদালতে

ট্যাব কাণ্ডে শিলিগুড়িতে ধৃতদের তোলা হল খড়্গপুর আদালতে
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বেলদা: ট্যাব দুর্নীতি কাণ্ডে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার হওয়া দু’জনকে মঙ্গলবার খড়্গপুর মহকুমা আদালতে পেশ করল কেশিয়াড়ি থানার পুলিস‌। ধৃতদের তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। পুলিস সূত্রে খবর, কেশিয়াড়ির সাঁতরাপুর লালাবাহাদুর এসসি হাইস্কুলের দুই ছাত্রের ট্যাবের টাকা ধৃতদের অ্যাকাউন্টে চলে গিয়েছিল। ঘটনার তদন্তে নেমে কেশিয়াড়ি থানার পুলিস উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির যোগ পায়। শনিবার বিকেলে শিলিগুড়ির মাটিগাড়া এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতরা হল নজরুল ইসলাম ও রুকসানা খাতুন। তাদের ট্রানজিট রিমান্ডে নিতে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। এরপর সোমবার তাদের কেশিয়াড়ি থানায় নিয়ে আসে পুলিস। মঙ্গলবার ধৃতদের খড়্গপুর মহকুমা আদালতে পেশ করা হয়।জানা গেছে, সাঁতরাপুর লালবাহাদুর এসসি হাইস্কুলের সাতজন ছাত্রের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। গত ৫ নভেম্বর তা জানতে পারে বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে পুলিস ও শিক্ষাদপ্তরে বিষয়টি জানানো হয়। পুলিস ঘটনার তদন্তে নেমে জানতে পারে দুই ছাত্রের টাকা শিলিগুড়ির মাটিগাড়ার লেনিন কলোনির দুই বাসিন্দার অ্যাকাউন্টে ঢুকেছে। শনিবার বিকেলে তাদের গ্রেপ্তার করে পুলিস। এই দুই ধৃতের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকেছে বলে দাবি পুলিসের। 
Advertisement
তবে কীভাবে তা হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে পুলিস। এই মুহূর্তে দু’জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে তথ্য দিয়ে তদন্তে নেমেছে পুলিস। বাকি পাঁচজনের বিষয়ে এখনও তেমন কোনও সূত্র উঠে আসেনি। সে বিষয়েও তদন্ত চালানো হচ্ছে। জানা গেছে, এই সাতজন ছাত্রের মধ্যে প্রত্যেকেরই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। একজনের পূর্ব মেদিনীপুরের এগরা থানার পঁচেট শাখায় ও বাকিদের স্থানীয় কেশিয়াড়ি শাখায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদলচন্দ্র দাস বলেন, স্কুল খোলার পরে আমরা জানতে পারি ১০ জন ছাত্রের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। পোর্টাল খুলে দেখি তিনজনের অ্যাকাউন্টের সমস্যা রয়েছে। বাকি সাতজনের টাকা কী করে অন্য জায়গায় চলে গেল বুঝতে পারছি না। আশা করছি, পুলিস সঠিক তদন্ত করে বিষয়টি উদ্ধার করবে। 
ধৃতকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ