Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির ক্যাম্প ফাঁকা, মুখ ফিরিয়েছে মতুয়ারা, বর্ধমানে সিএএ শিবিরে দু-তিনটি আবেদন জমা

এসআইআর বিজেপির কাছে ব্যুমেরাং হয়ে গিয়েছে। নাগরিকত্ব দেওয়ার টোপ দিয়ে তারা পরিস্থিতি সামাল দিতে চাইছে।

বিজেপির ক্যাম্প ফাঁকা, মুখ ফিরিয়েছে মতুয়ারা, বর্ধমানে সিএএ শিবিরে দু-তিনটি আবেদন জমা
  • ১৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: এসআইআর বিজেপির কাছে ব্যুমেরাং হয়ে গিয়েছে। নাগরিকত্ব দেওয়ার টোপ দিয়ে তারা পরিস্থিতি সামাল দিতে চাইছে। জেলা পার্টি অফিসেই ক্যাম্প তৈরি করে তারা নাগরিকত্বের নথি জমা নিচ্ছে। কিন্তু তাতেও সাড়া মিলছে না। বিভিন্ন এলাকা থেকে দু’ থেকে তিনটি করে আবেদন জমা পড়ছে। নাগরিকত্ব দেওয়ার টোপ দেখিয়ে বিজেপি নেতারা মতুয়া অধ্যুষিত এলাকায় ঘুরছেন। নিজেরাই এলাকায় গিয়ে আবেদনপত্র সংগ্রহ করছেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত বর্ধমান সাংগঠনিক জেলায় ৬৪০টি আবেদনপত্র জমা পড়েছে। সেগুলির অধিকাংশই বিজেপি নেতা এবং কর্মীর আবেদনপত্র। বিজেপি নেতা রাজু পাত্র বলেন, নাগরিকত্ব পেতে যাতে অসুবিধা না হয়, তার জন্য জেলাজুড়ে প্রচার চালানো হচ্ছে। অনেকদিন ধরে ক্যাম্প চলবে। সেই সময় বাকিরা আবেদন করবেন।

Advertisement

বিজেপি নেতৃত্বের দাবি, এখন মাঠে ধান কাটার কাজ চলছে। সেই কারণেই অনেকে আসতে পারছেন না। তবে, ধান কাটার মরশুম শেষ হলে ক্যাম্পগুলিতে ভিড় উপচে পড়বে বলে গেরুয়া শিবিরের দাবি। জৌগ্রামের বাসিন্দা সুমন্ত সরকার বলেন, নাগরিকত্ব পাওয়ার জন্য বিজেপির জেলা পার্টি অফিসে যেতে হবে কেন? ওরা নাগরিকত্ব দেওয়ার কে? এসব করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ওদের জন্যই মতুয়ারা সমস্যায় পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে ১৮-২০ বছর আগে এদেশে এসেছিলেন। তাঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই। আতঙ্কে তাঁদের দিন কাটছে। আর এক বাসিন্দা শম্ভু সরকার বলেন, বিজেপি নেতারা ভাঁওতা দিয়ে এতদিন ভোট নিয়েছেন। এবার ওঁরা জবাব পাবেন। ওঁদের ক্যাম্পে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে যাব না। বাংলাদেশ থেকে এসে দীর্ঘদিন ধরে আমরা এখানেই রয়েছি। ওঁদেরকে নাগরিকত্বের প্রমাণ দিতে যাব কেন?
বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, মতুয়া অধ্যুষিত ব্লকগুলিতে প্রথমে সিএ ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বাসিন্দাদের মধ্যে উৎসাহ না থাকায় তারা পিছু হটেছে। আপাতত বর্ধমানে জেলা পার্টি অফিসে সিএ ক্যাম্প করা হয়েছে। অনলাইনে আবেদন করার জন্য‌ ক঩য়েকটি নতুন কম্পিউটার কেনা হয়েছে। কয়েকজন পেশাদার কর্মী নিয়োগ করা হয়েছে। এছাড়া, স্বস্তিপল্লি থেকেও তারা আবেদনপত্র নিচ্ছে। কিন্তু কোথাও সাড়া নেই। সিএ আবেদনপত্র জমা করার জন্য মতুয়াদের হলফনামা জমা করতে হচ্ছে। এছাড়া, ‘হিন্দু সার্টিফিকেট’ জোগাড় করতে হচ্ছে। মতুয়াদের অনেকেরই দাবি, বিজেপি এসব করে অপমান করছে। যাঁরা দীর্ঘদিন ধরে এরাজ্যে রয়েছেন, তাঁদেরকেও লিখিতভাবে বলতে হবে তিনি বাংলাদেশি হিন্দু। এছাড়া, হিন্দু সার্টিফিকেট নিতে বিজেপির দ্বারস্থ হতে হবে। গেরুয়া শিবিরের অনেকেই আড়ালে স্বীকার করছেন, সিএ ক্যাম্প করে এসআইআরের ধাক্কা সামাল দেওয়া যাবে না। প্রতিটি মতুয়া অধ্যুষিত গ্রামের বাসিন্দারাই ক্ষোভে ফুঁসছেন।  বিজেপির বর্ধমান জেলা কার্যালয়-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ