নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমান শহরের বড়বাজার এলাকায় মহিলা কলেজের সামনে আগুন ধরে যায়। দু’টি দোকান আগুনে পুড়ে গিয়েছে। দু’টি ট্রান্সফর্মারও ভস্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রথমে একটি দোকানে আগুন লাগে। সেখানে পেট্রল বিক্রি করা হতো। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ট্রান্সফর্মারের কাছেই দোকানগুলি ছিল। দ্রুত আগুন ছড়িয়ে যাওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিস এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, রাস্তা দখল করে যে যার মতো দোকান করছে। নিষেধ করলেও শুনছে না। ট্রান্সফর্মারের নীচেও তারা ঝুঁকি নিয়ে দোকান করছে। জবরদখলকারীদের সরিয়ে দিলে আবার তারা বসছে। এলাকার বাসিন্দারা বলেন, মহিলা কলেজের সামনের জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসও রয়েছে। নিয়ম না মেনে সেখানে পেট্রল বিক্রি করা হচ্ছিল। বেশ কয়েকটি বোতলে পেট্রল মজুত ছিল। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। শহরের আরও কয়েকটি দোকানে বেআইনিভাবে পেট্রল বিক্রি করা হয়। এছাড়া গ্যাস সিলিন্ডার মজুত রাখার কারণে এর আগেও দুর্ঘটনা হয়েছে। এক বছর আগে নীলপুরে একটি দোকানে বিস্ফোরণ হয়েছিল। ওই দোকানে বড় সিলিন্ডার থেকে ছোট ছোট সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রি করা হতো। বর্ধমান দক্ষিণের বিধায়ক বলেন, শহরের রাস্তা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথাও রাস্তা দখল করে দোকান করা যাবে না। এভাবে চলতে থাকলে বারবার দুর্ঘটনা ঘটবে। এক পুলিস আধিকারিক বলেন, কীভাবে ওমেন্স কলেজের সামনে আগুন ধরেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই দোকানদার জানিয়েছে ধূপকাঠি জ্বালাতে গিয়ে আগুন ধরে যায়। সেটা বিশ্বাসযোগ্য নয়। দোকানে দাহ্য কোনও কিছু মজুত ছিল সেই কারণেই দ্রুত আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে। দমকল বিভাগও বিষয়টি তদন্ত করে দেখছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে বড়সড় দুর্ঘটনা হতে পারত। ওই এলাকায় আরও অনেক দোকান রয়েছে। সেগুলিও পুড়ে যেত। স্থানীয় বাসিন্দারা দোকানদারদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন। অগ্নিকাণ্ডের জেরে আশপাশের এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। কাউন্সিলার সুশান্ত প্রামাণিক বলেন, পরবর্তীকালে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।