সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়পুরের রাজগ্রামে পৃথক ঘটনায় একজন গৃহবধূ ও এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম সুস্মিতা মাঝি(১৭) ও শ্যামসুন্দর মাঝি(২৩)। দু’জনেরই বাড়ি রাজগ্রামেই। সুস্মিতা শনিবার দুপুরে বাড়িতেই বিষ পান করেন। ওইদিন রাতে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে রবিবার বেলার দিকে গ্রাম সংলগ্ন একটি পুকুরের পাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় শ্যামসুন্দরবাবুর দেহ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, দু’টি দেহই ময়নাতদন্ত পাঠানো হয়। সেই সঙ্গে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়পুরের রাজগ্রামের বাসিন্দা পেশায় টোটোচালক সৌরভ মাঝির সঙ্গে একই গ্রামের বাসিন্দা সুস্মিতা মাঝির কয়েক মাস আগেই বিয়ে হয়। বিয়ের পর সবকিছু ঠিকঠাকই চলছিল। শনিবার দুপুরে সৌরভবাবু সহ বাড়ির অন্যান্যরা যে যার কাজে চলে যান। সেই ফাঁকে সুস্মিতা বিষপান করেন। বিকালে বাড়ির লোকজন ফিরে তাঁকে প্রথমে জয়পুর ব্লক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে রবিবার সকালে শৌচকর্ম সারতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি শ্যামসুন্দরবাবু। দুপুরের দিকে স্থানীয় এক বাসিন্দা পুকুর পাড়ে থাকা গাছে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। তাঁকে উদ্ধার করে জয়পুর ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। একই গ্রামে কয়েক ঘণ্টার ব্যবধানে দু’জনের অস্বাভাবিক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।



