Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিয়ালদহ-লালগোলা শাখায় এবার ফিরছে দু’জোড়া মেমু, ধাপে ধাপে ফেরানো হবে সমস্ত ট্রেন, আশ্বাস রেল কর্তৃপক্ষের

কুম্ভমেলার পর ফিরিয়ে দেওয়া হবে-এই আশ্বাস দিয়ে শিয়ালদহ-লালগোলা শাখা থেকে ছ’জোড়া শৌচাগারযুক্ত মেমু ট্রেন তুলে নিয়েছিল রেল।

শিয়ালদহ-লালগোলা শাখায় এবার ফিরছে দু’জোড়া মেমু, ধাপে ধাপে ফেরানো হবে সমস্ত ট্রেন, আশ্বাস রেল কর্তৃপক্ষের
  • ৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: কুম্ভমেলার পর ফিরিয়ে দেওয়া হবে-এই আশ্বাস দিয়ে শিয়ালদহ-লালগোলা শাখা থেকে ছ’জোড়া শৌচাগারযুক্ত মেমু ট্রেন তুলে নিয়েছিল রেল। তার বদলে সমসংখ্যক ইএমইউ ট্রেন চালু করা হয়। কিন্তু ইএমইউ ট্রেনে শৌচাগার না থাকায় ট্রেনযাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়ছিলেন। এনিয়ে বিভিন্ন সংগঠন আন্দোলনেও নেমেছিল। স্টেশন সুপার থেকে শুরু করে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের ডেপুটেশন, অবস্থান বিক্ষোভ হয়েছে। অবশেষে এই শাখায় দু’জোড়া মেমু ট্রেন ফিরিয়ে দিতে চলেছে রেল। মাসখানেকের মধ্যেই দু’জোড়া ইএমইউয়ের বদলে ওই ট্রেন চালানো হবে। শুধু তাই নয়, ধাপে ধাপে সমস্ত মেমু ট্রেনই ফেরানো হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। এখবরে যাত্রীদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়েছে।

Advertisement

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, খুব তাড়াতাড়ি এবিষয়ে রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হবে। ধাপে ধাপে সমস্ত মেমু ট্রেন ফিরিয়ে দেওয়া হবে। পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা শিয়ালদহ-লালগোলা। রেলপথে লালগোলা থেকে শিয়ালদহ অবধি ২২৭কিমি পথ যেতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। এই শাখায় এক্সপ্রেস সহ মোট ১৭জোড়া ট্রেন চলাচল করে। কুম্ভমেলার আগে এই শাখায় ৬জোড়া কনভেনশনাল ট্রেন, ৫জোড়া ইএমইউ ও ৬জোড়া মেমু ট্রেন চলাচল করত। কুম্ভমেলার সময় সমস্ত মেমু ট্রেন তুলে তার বদলে ইএমইউ ট্রেন চালানো শুরু হয়েছিল।
শিয়ালদহ অবধি পাঁচঘণ্টার পথে অনেক যাত্রীরই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে। বিশেষত অনেক বয়স্ক মানুষ চিকিৎসার জন্য কলকাতায় যান। ইএমইউ ট্রেনে শৌচাগার না থাকায় তাঁরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। মহিলাদেরও ভোগান্তির শিকার হতে হয়। ভগবানগোলার বাসিন্দা কেরামত শেখ বলেন, চিকিৎসার জন্য প্রতিদিন ভোরের ট্রেনে লালগোলা, ভগবানগোলা সহ জেলার নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ কলকাতায় যান। দু’জোড়া মেমু ট্রেন ফিরিয়ে দিলে কিছুটা হলেও স্বস্তি মিলবে।
লালগোলার বাসিন্দা সুরজ শেখ বলেন, মেমু ট্রেন তুলে নেওয়ায় প্রায় একবছর ধরে যাত্রীদের খুব সমস্যায় পড়তে হচ্ছে। দু’জোড়া মেমু ট্রেন ফেরানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আশা করি, বাকি মেমু ট্রেনও তাড়াতাড়ি ফেরানো হবে। মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, সম্প্রতি রেল একজোড়া মেমু ট্রেন ফেরানোর সিদ্ধান্ত নেয়। তখন আমি অন্তত দু’জোড়া মেমু ফেরানোর দাবি জানিয়েছিলাম। রেল সেই দাবি মেনে নিয়েছে। মেমু ট্রেন ফেরানোর দাবিতে লাগাতার ডেপুটেশন, অবস্থান বিক্ষোভ, রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার ফোরাম। সংগঠনের সম্পাদক আজমল হক বলেন, প্রতিদিন জেলা থেকে হাজার হাজার মানুষ ট্রেনে কলকাতায় যান। দু’জোড়া মেমু ট্রেনে সমস্যা মিটবে না। সমস্ত মেমু ট্রেন ফেরাতে হবে।  প্রতীকী ছবি

Advertisement
সম্পর্কিত সংবাদ