নয়াদিল্লি, ২৪ অক্টোবর: আমেরিকার লাস ভেগাসে গ্রেপ্তার দুই কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ ও নীরজ ফরিদপুরিয়া। গত ২২ অক্টোবর হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে আইসিই-এর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয় বলে সূত্রের খবর। ধৃতদেরকে ভারতে ফেরাতে মার্কিন কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছে হরিয়ানা পুলিশ।
জানা গিয়েছে, জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত হিমাংশু ভাউ। হরিয়ানা ও দিল্লি পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল সে। খুন, অপহরণ ও তোলাবাজি-সহ একাধিক মামলায় অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিসও জারি করা হয়েছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি জাল নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি করে ভারত ছাড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অপরদিকে হরিয়ানার পালওয়াল জেলার বাসিন্দা নীরজ ফরিদপুরিয়ার বিরুদ্ধে ২৫টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে বলে সূত্রের দাবি। ২০১৫ সালে একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হলেও ২০১৯ সালে জামিন পায় সে। এরপরে কংগ্রেস নেতা বিকাশ চৌধুরীর খুনের ঘটনায় নীরজের নাম জড়ায়। কানাডায় বাম্বিহা গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকার পর আমেরিকায় হিমাংশু ভাউয়ের গ্যাংয়ের সঙ্গে কাজ করছিল বলে অভিযোগ। দক্ষিণ দিল্লির আয়া নগরে জিম প্রশিক্ষক বিজয় কুমার এবং দুধ ব্যবসায়ী রতন লোহিয়ার খুনের ঘটনাতেও গ্যাংয়ের যোগ থাকার সন্দেহ রয়েছে। রতন লোহিয়া খুনের ঘটনায় হিমাংশু ভাউ গ্যাংয়ের চার অভিযুক্ত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দিল্লি-এনসিআর অঞ্চলে একাধিক খুন ও গুলিচালনার ঘটনায় হিমাংশু ভাউ গ্যাংয়ের সম্ভাব্য যোগ খতিয়ে দেখছে তদন্তকারী দল। এখন ধৃত দুই গ্যাংস্টারকে ভারতে ফেরানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দিকেই নজর তদন্তকারী সংস্থাগুলির।



