নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের ডোডেয়ারহাটে তৃণমূল নেতা অমর রায়কে খুনের তদন্তে নয়া সাফল্য পুলিসের। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরবাইকও। এই বাইকে চেপে এসে দুষ্কৃতীরা অমরের উপরে গুলি চালিয়েছিল বলে দাবি তদন্তকারীদের।
রাজ্যজুড়ে সাড়া ফেলে দেওয়া ডোডেয়ারহাট খুনের ঘটনায় ধৃতদের নাম মিঠুন রায় ও বাঁধন দাস। দু’জনই তোপসিখাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। এর আগে এই খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে দু’জনের বাড়ি মরানদীরকুঠি এলাকায়। তল্লাশি চালিয়ে সেখান থেকে আরও একটি নাইন এমএম পিস্তল এবং চার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এই নিয়ে খুনের ঘটনায় মোট দু'টি পিস্তল উদ্ধার হল। পুলিসের জালে ধরা পড়েছে পাঁচ অভিযুক্ত। ধৃতদের জেরা করে পুলিস জানতে পেরেছে, এই খুনের ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত আছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।
গত ৯ আগস্ট ডোডেয়ারহাটে মাংস কিনতে গিয়েছিলেন অমর রায়। সেখানেই দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়। বেশ কয়েক রাউন্ড গুলি চলে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। তাঁর গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছিলেন। মৃত অমর রায়ের মা কুন্তলা রায় ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঘটনার পরদিন তিনি সিবিআই তদন্তের দাবি করেছিলেন। পরে আবার সেই দাবি থেকে সরে এসে সিআইডি তদন্ত দাবি করেছিলেন। যদিও পুলিসই ঘটনার তদন্ত চালাচ্ছে।