জম্মু: পহেলগাঁওয়ের কাণ্ডের পর বদলেছে পরিস্থিতি। কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা জম্মু ও কাশ্মীরকে। এরইমধ্যে সাম্বা জেলার গ্রামে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করল নিরাপত্তারক্ষী। পুলিস সূত্রে খবর, মঙ্গলবার রাতে জেলার নাদ গ্রামের একটি স্কুলের কাছে সন্দেহভাজন দুই ব্যক্তির আনাগোনা গ্রামবাসীদের নজরে আসে। তাদের শরীরে সেনার পোশাক পরা ছিল বলে দাবি। বাসিন্দারা দেরি না করে দ্রুত স্থানীয় থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিস ও নিরাপত্তা বাহিনী। রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলে তল্লাশি। তবে সন্দেহভাজন কেউ ধরা পড়েনি। তবে ওই এলাকায় সতর্ক নজর রেখেছে নিরপত্তা বাহিনী। দু’জনকে শীঘ্রই ধরা হবে বলে আশ্বাস দিয়েছে বাহিনী।



