নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন কলকাতা প্রিমিয়ার লিগের গ্রুপ পর্বেই আয়োজিত হতে চলেছে মরশুমের প্রথম বড় ম্যাচ। বুধবার কলকাতার রোয়িং ক্লাবে আয়োজিত গ্রুপ বিন্যাস অনুষ্ঠানে একই গ্রুপে জায়গা পায় দুই প্রধান। গ্রুপ এ’তে রয়েছে মোহন বাগান ও ইস্ট বেঙ্গল। গ্রুপ বি’র দুই বড় দল মহমেডান স্পোর্টিং এবং ডায়মন্ডহারবার এফসি। আগামী ২৫ জুন শুরু লিগের লড়াই।
বুধবার গ্রুপ বিন্যাস অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। সংস্থার সচিব অনির্বাণ দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত ছাড়াও ছিলেন প্রাক্তন তারকারা। অলোক মুখার্জি, প্রশান্ত ব্যানার্জি, শিশির ঘোষের হাত দিয়ে গ্রুপ বিন্যাসের পরিকল্পনা বেশ হিট। গতবারের মতো এবারও প্রিমিয়ার লিগে খেলবে ২৬টি দল। প্রতি গ্রুপে রয়েছে ১৩টি করে দল। এদিন আইএফএ সচিব বলেন, ‘কলকাতা লিগের ডার্বি নিয়ে আমাদের বিশেষ ভাবনা রয়েছে। তবে ডুরান্ড কাপের বড় ম্যাচের আগেই তা আয়োজনের পরিকল্পনা করছি। ভূমিপুত্র খেলানো নিয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা আশা করছি, তাতে বাংলা ফুটবলের দারুণ উন্নতি হবে।’
গ্রুপ-এ: মোহন বাগান, ইস্ট বেঙ্গল, মেসারার্স, কালীঘাট স্পোর্টস লাভার্স, সুরুচি সংঘ, রেলওয়ে এফসি, বিএসএস, জর্জ টেলিগ্রফ, কাস্টমস, কালীঘাট এমএস, পাঠচক্র, আর্মি রেড, পুলিস এসি।
গ্রুপ-বি: ডায়মন্ডহারবার এফসি, মহমেডান স্পোর্টিং, শ্রীভূমি, কলকাতা পুলিস, উয়াড়ি, ইউনাইটেড স্পোর্টস, ভবানীপুর, রেনবো, এরিয়ান, খিদিরপুর, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, সাদার্ন সমিতি, পিয়ারলেস।