দুবাই: একজনের ঝুলিতে রয়েছে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম। অন্যজন পেশাদার ফুটবলে ৯৫৬ গোলের মালিক। রবিবার দুবাইয়ে ২০২৫ গ্লোব সকার পুরস্কারের মঞ্চে দ্যুতি ছড়ালেন বর্তমান প্রজন্মের দুই মহাতারকা নোভাক জকোভিচ ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অতীতে তাঁরা একাধিকবার মুখোমুখি হয়েছেন। তবে এদিন যেন এক অনন্য পর্যায়ে পৌঁছল তাঁদের এই সাক্ষাৎ। একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ দুই মহারথী।
গত কয়েক বছরের মতো এবারও গ্লোব সকার পুরস্কারের অনুষ্ঠানে সম্মান জানানো হল বিশ্বের সেরা ফুটবলার, কোচ, কর্মকর্তাদের। তবে এই প্রথম অন্য জগতের ক্রীড়া ব্যক্তিত্বকেও শামিল করা হল সম্মানিতদের তালিকায়। আর প্রথম বছরের গ্লোব স্পোর্টস পুরস্কার উঠল নোভাক জকোভিচের হাতে। টেনিসের কিংবদন্তিকে ট্রফি তুলে দিলেন রোনাল্ডো। সার্বিয়ান তারকাকে প্রশংসায়ও ভরালেন তিনি। বলেন, ‘আমাদের দু’জনের গল্পটা অনেকটা একইরকম। নোভাক যেভাবে বছরের পর বছর নিজেকে মেলে ধরেছে, তা অনেকের কাছে প্রেরণা হয়ে থাকবে। শুধু অতীত কিংবা বর্তমান নয়, আগামী প্রজন্মের কাছে পেশাদারিত্বের এক জ্বলন্ত উদাহরণ নোভাক।’
এরপরই পাল্টা রোনাল্ডোর বন্দনায় মাতলেন সার্বিয়ান তারকা। জোকার বলেন, ‘একজন টেনিস খেলোয়াড় হিসেবে নিজেকে এই মঞ্চে তুলে ধরতে পেরে আমি সকলের কাছে কৃতজ্ঞ। ফুটবলের একাধিক কিংবদন্তির উপস্থিতিতে এই সম্মান পাওয়াটা সত্যিই গর্বের। তাও আবার ক্রিশ্চিয়ানোর হাত থেকে। আমি সত্যিই তোমায় শ্রদ্ধা করি। তোমার হাজার গোল পূর্ণ করা সংকল্প আমায় মুগ্ধ করেছে। আমি নিশ্চিত, তুমি সেটা করেও দেখাবে।’ এরপরই রোনাল্ডোর সংযোজন, ‘আমি অবশ্যই সেই মহালক্ষ্যে পৌঁছব। পূর্ণ বিশ্বাস রয়েছে নিজের উপর। অবশ্য সে জন্য আমায় চোটমুক্ত থাকতে হবে।’
২০২৫ গ্লোব সকার পুরস্কার অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের সম্মান পেলেন ওসমানে ডেম্বেলে। রাফিনহা ও লামিনে ইয়ামালকে পিছনে ফেলে আরও একবার সেরার মুকুট অর্জন করলেন এই ফরাসি ফুটবলার। অবশ্য সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন ইয়ামাল। আর বর্ষসেরা কোচ লুই এনরিকে। একই সঙ্গে মধ্য প্রাচ্যের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই নিয়ে টানা তৃতীয়বার এই পুরস্কার জিতলেন পর্তুগিজ মহাতারকা।