নেপালে অবতরণের সময় দুই কপ্টারের সংঘর্ষ, মৃত ভারতীয়
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: নেপালে এভারেস্ট বেস ক্যাম্পের কাছে হেলিপ্যাডে অবতরণের সময় দু’টি হেলিকপ্টারের সংঘর্ষ। মঙ্গলবার সকালের এই দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ভারতীয় পর্যটক। নাম বসন্ত কুমার বলরামুদু। জখম দুটি হেলিকপ্টারের পাইলট সহ অন্যান্য যাত্রীরা। তাঁদের মধ্যে একজন শৈলেশকৃষ্ণ প্যাটেল নামে নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত নাগরিক। আহতরা কাঠমাণ্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যে দু’টি কপ্টারের সংঘর্ষ হয় তার মধ্যে একটি ‘এয়ার ডায়ন্যাস্টি’ সংস্থার। অন্যটির পরিচালনার দায়িত্বে  ‘ফিশটেল এয়ার’। দু’টি হেলিকপ্টারে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় শোকপ্রকাশ করেছে কাঠমাণ্ডুর ভারতীয় দূতাবাস। এক্স হ্যান্ডলে তারা জানিয়েছে, ‘সোলুখুম্বুতে কপ্টার দুর্ঘটনায় ভারতীয় নাগরিকের মৃত্যুতে আমরা শোকাহত।’

Advertisement

সূত্রের খবর, দু’টি হেলিকপ্টার লুকলা বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। সকাল ৮টা ১১ নাগাদ সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায় একসঙ্গে অবতরণের চেষ্টা চলছিল। তখনই সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় বসন্ত কুমারের। জানা গিয়েছে, তিনি ফিশটেল এয়ারের কপ্টারে ছিলেন। একই কপ্টারে ছিলেন শৈলেশকৃষ্ণ। তড়িঘড়ি তাঁকে এয়ারলিফ্ট করে কাঠমাণ্ডুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
নেপালে পর্যটক, পর্বতারোহীদের পৌঁছে দিতে মূলত ছোটো হেলিকপ্টার ব্যবহার করা হয়। তবে হিমালয়ের কোলে পাহাড়ে ঘেরা এই অঞ্চলে বিমান-কপ্টার চালানো সহজ নয়। ঘন ঘন আবহাওয়া পরিবর্তনের জেরে ঝুঁকি আরও বেড়ে যায়।