মার্কিন মুলুকে শুরু মিড টার্ম নির্বাচন
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: জনপ্রিয়তার পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার আমেরিকায় শুরু হল মিড টার্ম ইলেকশন। সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া, বিভিন্ন দেশের সঙ্গে শুল্কযুদ্ধ, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি বা অভিবাসন ইস্যুতে কড়া পদক্ষেপ— একের পর এক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অখুশি সেদেশের ভোটারদের বড়ো অংশ। এর মধ্যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে অস্বস্তি বেড়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। ক্যালিফোর্নিয়ায় কয়েক হাজার মেইল-ইন-ব্যালট বাতিল করার দাবি করেছিল ট্রাম্প প্রশাসন। তাদের দাবি ছিল, যাঁরা এই ব্যালট পাঠিয়েছেন, তাঁরা মার্কিন নাগরিক নন। গত সোমবার সেই মামলার শুনানিতে ট্রাম্প প্রশাসনের আরজি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। 

Advertisement

মিড টার্ম ভোট নিয়ে রীতিমতো চাপে রিপাবলিকানরা। কারণ এই নির্বাচনেই ঠিক হবে, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির বাকি দুই বছরে মার্কিন কংগ্রেসের দুই কক্ষ—সেনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ কোন পক্ষের হাতে থাকবে। এই পর্বে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি আসনের সবক’টিতে এবং ১০০ আসনের সেনেটের ৩৭টিতে ভোট হচ্ছে। ৩৬টি প্রদেশের গভর্নর পদেও নির্বাচন হচ্ছে। তার মধ্যে রয়েছে ওহায়োও। সেখানে রিপাবলিকান বিবেক রামস্বামীর সঙ্গে জোর লড়াই ডেমোক্র্যাট নমিনি অ্যামি অ্যাক্টনের। এছাড়াও লস এঞ্জেলসের মেয়র পদের জন্য ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নিত্যা রামনের লড়াই তাঁর প্রাক্তন বস ক্যারেন বাসের সঙ্গে। হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পুনর্নির্বাচিত হতে লড়ছেন ভারতীয় বংশোদ্ভূত রো খান্না, অ্যামি বেরা, প্রমিলা জয়পাল এবং সুহাস সুব্রহ্মণ্যম। অন্যদিকে, প্রথমবার মার্কিন কংগ্রেসে পা রাখতে মরিয়া দুই ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট পিয়া ডান্ডিয়া এবং অমিশ শাহ। গত সোমবার শেষ হয়েছে ভোটের প্রচার। মিড টার্মে হারলেও প্রেসিডেন্ট পদ হারাতে হবে না ট্রাম্পকে। কিন্তু নির্বাচনের আগে একাধিক সমীক্ষায় চাপে ট্রাম্প শিবির। দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত পাঁচটি প্রদেশেও ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার আভাস মিলেছে। ভোট শুরুর আগেই প্রায় ৫ কোটি ৮৭ লক্ষ ভোট পড়েছে।