নয়াদিল্লি: অশান্ত পশ্চিম এশিয়ার সমুদ্রে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলা। সোমবারের এই হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের। গুজরাতের বাসিন্দা ওই নাবিকের নাম গান্ধার নাহিম আজিজ। ‘এমএসভি আল জুসুফি’ নামে ওই জাহাজে মোট ১৪ জন নাবিক ছিলেন। তাঁরা সবাই ভারতীয়। তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল। তবে এই হামলার নেপথ্যে কারা, তা স্পষ্ট নয়। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত।
ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের সংঘাত ঘিরে কয়েক মাস ধরে উত্তপ্ত হরমুজ প্রণালী। আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বেশিরভাগ পণ্যবাহী জাহাজ চলাচল করে। এর গত মে মাসে ওমান উপকূলে অজ্ঞাতবস্তুর হামলায় ডুবে যায় একটি ভারতীয় জাহাজ। সোমবারের হামলা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ওমানের উপকূল দিয়ে যাওয়ার সময় আচমকাই একটি উড়ন্তবস্তু এসে জাহাজটিকে আঘাত করে। তার জেরে জাহাজের ডানদিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে দ্রুত উদ্ধারে নামে ওমানের কোস্টগার্ড। জাহাজের ১৪ জন নাবিককে উদ্ধার করা সম্ভব হলেও হামলায় গুরুতর জখম হন আজিজ। পরে তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যে পণ্যবাহী জাহাজে হামলার নিন্দা জানিয়েছে ভারত। মঙ্গলবার বিদেশমন্ত্রক জানিয়েছে, পণ্যবাহী জাহাজে হামলা অত্যন্ত উদ্বেগজনক।



