এভারেস্টের কাছে ভয়াবহ হেলিকপ্টার বিপর্যয়! মৃত্যু এক ভারতীয়ের, আহত আরো ২
  • ৩ নভেম্বর, ২০২৬ ১২:১৭
Prefer us on Google

কাঠমাণ্ড, ৩ নভেম্বর: এভারেস্টের কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনা! দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে, বলেই সূত্রের খবর। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অবতরণের ঠিক আগের মুহূর্তেই দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের জেরে মুহূর্তের মধ্যে দু’টি কপ্টারের রোটর ব্লেড সজোরে ধাক্কা খায় একে অপরের সঙ্গে। এর ফলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে ভেঙে পড়ে হেলিকপ্টার দু’টি (অবশ্য এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান ডিজিটাল’)।

Advertisement

সোলুখুম্বু জেলার দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিক আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক ভারতীয় পর্যটক। নেপালের ‘কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদনেও একই দাবি করা হয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার নেপালের স্থানীয় সময় অনুযায়ী সকাল সওয়া আটটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নেপালের সিভিল অ্যাভিয়েশন অথরিটির উপ-মুখপাত্র জ্ঞানেন্দ্র জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার দু’টির একটি লুকলা এবং অন্যটি এভারেস্ট বেস ক্যাম্পের নিকটবর্তী গোরক্ষেপ এলাকা থেকে ফিরছিল। একই হেলিপ্যাডে বা নির্দিষ্ট জায়গায় অবতরণ করার চেষ্টার ফলেই এই সংঘর্ষ ঘটে থাকতে পারে, বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই উত্তরাখণ্ডের বদ্রীনাথেও প্রায় একই দুর্ঘটনা ঘটে। জোশীমঠের কাছে একটি যাত্রিবাহী কপ্টার ভেঙে পড়ে প্রাণ হারিয়েছিলেন পাইলট-সহ ছ’জন যাত্রী। মর্মান্তিক সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মঙ্গলবার নেপালের আকাশে ঘটে গেল আরও এক প্রাণঘাতী দুর্ঘটনা।