ঢাকা: পোশাক কারখানার কর্মীদের বিক্ষোভে রবিবার থেকেই উত্তাল বাংলাদেশ। সোমবারও পুলিশের গাড়িতে আগুন লাগানো, পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। বাধ্য হয়ে রাস্তায় নতুন করে অতিরিক্ত আধা সামরিক বাহিনী মোতায়েন করতে হয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তাগুলি অবরুদ্ধ। বিক্ষোভের জেরে ৬৭০টি কারখানা বন্ধ করে দিতে হয়েছে। সূত্রের খবর, ঢাকার মীরপুর, আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, জল কামান ছোড়ে। লাঠি চালানোরও অভিযোগ উঠেছে।
ঢাকা, গাজিপুর এবং ময়মনসিংহে প্রায় ৪ হাজার নথিভুক্ত পোশাক কারখানা রয়েছে। পোশাক শিল্পের সঙ্গে ৪০ লক্ষেরও বেশি কর্মী যুক্ত। তাঁরা গড়ে ১২ হাজার ৫০০ টাকা করে মাসমাইনে পেয়ে থাকেন। তা ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে রবিবার থেকেই কর্মীরা বিক্ষোভ শুরু করেছেন।



