রাঁচি ও ফরাক্কা, ১ এপ্রিল: কাকভোরে দুর্ঘটনার কবলে পড়ল দুটি মালগাড়ি। মৃত্যু হয়েছে দুই চালক-সহ তিনজনের। জখম ৪ জন। আজ, মঙ্গলবার ভোর ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বারহেট পুলিস স্টেশন এলাকায়। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের লালমাটিয়া থেকে কয়লা নিয়ে একটি মালগাড়ি মুর্শিদাবাদের ফরাক্কার এনটিপিসির দিকে যাচ্ছিল। সেই সময়ে লুপ লাইনে দাঁড়িয়েছিল একটি মালগাড়ি। ফরাক্কাগামী মালগাড়িটি দাঁড়িয়ে থাকা ওই মালগাড়িটিতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে একটি মালগাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায়। আর সেই আগুনে দগ্ধ হয়েই মৃত্যু হয় দুই চালক সহ তিনজনের। জখম ৪। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।
এই দুর্ঘটনার জেরে দুই মালগাড়ির একাধিক বগিও লাইনচ্যুত হয়ে যায়। একটি মালগাড়়ির ইঞ্জিন দুমড়ে-মুচড়েও গিয়েছে। সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িগুলি এনটিপিসির। তাই এই দুর্ঘটনার সঙ্গে রেলের কোনও যোগ নেই বলেই জানা গিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ওই লাইনটি তাঁদের অধীনে পড়ে না। এমনকী মালগাড়িগুলিও ভারতীয় রেলের নয়। পুরোটাই এনটিপিসির অধীনে রয়েছে। মালগাড়ি থেকে লাইন সবটাই দেখভালের দায়িত্বে রয়েছে ওই সংস্থা। তবে উদ্ধারকাজের জন্য এনটিপিসি সাহায্য চেয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় মৃত দুই চালকের মধ্যে একজনের বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। তাঁর নাম গঙ্গেশ্বর মাল(৬০)। তাঁর বাড়িতে মৃত্যুর খবর পৌঁছতেই নেমে এসেছে শোকের ছায়া।