নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কিশোরীকে ধর্ষণের ভিডিও মোবাইলে বন্দি। তারপর সেই ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে দুই বন্ধু মিলে লাগাতার ধর্ষণ। বানারহাট থানা এলাকার ওই ঘটনায় অভিযুক্তদের একজনকে ২৫ বছর ও অন্যজনকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। আজ, শুক্রবার ওই সাজা ঘোষণা করেন জলপাইগুড়ি বিশেষ পকসো আদালতের বিচারক রিণ্টু শূর।
মামলায় সরকার পক্ষের আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, ২০২৩ সালের ১০ মে বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নাবালিকার মা। অভিযোগ পেয়েই পুলিস দুই যুবককে গ্রেপ্তার করে। তদন্ত শেষ আদালতে মামলার চার্জশিট জমা পড়ে। অভিযোগ দায়েরের সময় ওই কিশোরী অন্তঃসত্ত্বা ছিল, তার ডিএনএ পরীক্ষা হয়। তার রিপোর্ট পজিটিভ আসে। মামলায় মোট ১২ জন আদালতে সাক্ষ্য দেন। আদালতে জমা পড়া সমস্ত তথ্যপ্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে বিচারক অভিযুক্ত দু’জনকে দোষী সাব্যস্ত করেন। এদিন তাদের একজনকে ২৫ বছর, অন্যজনকে ২০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। নির্যাতিতাকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে।