সংবাদদাতা, ডোমকল: মস্ত লোহার দরজা পেরিয়ে ভিতরে ঢুকতেই সামনে ধরমকাঁটা। একটু এগলেই একের পর এক ঘর। লোহার দরজার উপরে থাকা পুরনো সাইনবোর্ডের যে অংশ এখনও রয়েছে, তাতে বাংলায় লেখা কৃষক বাজার। তৃণমূল জমানার শুরুতে ডোমকল মহকুমার রানিনগর ১ ও জলঙ্গি ব্লকে দু’টি কৃষক বাজার তৈরি করা হলেও বাস্তবে চালু হয়নি সেই প্রকল্প। ভবনগুলির রং অনেকটাই ফ্যাকাসে হয়ে গিয়েছে। একের পর এক ভবনে ঝুলছে তালা। কোটি কোটি টাকা ব্যয়ে কৃষকদের সুবিধার্থে তৈরি ডোমকল মহকুমার দু’টি কৃষক বাজারের বর্তমান চিত্র এমনই।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় এক দশক আগে ইসলামপুরের গোয়াস ও জলঙ্গির জোটতলায় কৃষকদের উৎপাদিত শাকসব্জি ও কৃষিপণ্য সরাসরি বিক্রির সুযোগ করে দিতে গড়ে তোলা হয়েছিল এই কৃষক বাজারগুলি। লক্ষ্য ছিল, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকদের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা। সেইমতো একাধিক ভবন নির্মাণের পাশাপাশি আলাদা বিক্রির জায়গা, গুদামঘর এবং অত্যাধুনিক ধরমকাঁটার ব্যবস্থা করা হয়েছিল। বড় পরিমাণে কৃষিপণ্য বোঝাই ট্রাক ওজন করার ব্যবস্থাও রাখা হয়েছিল সেখানে।
একসময় এই বাজার ঘিরে বিস্তর স্বপ্ন দেখেছিলেন এলাকার কৃষকরা। কারণ, ডোমকল মহকুমা কৃষিপ্রধান এলাকা। বছরভর প্রচুর পরিমাণে ধান, গম ও আনাজ উৎপাদন হয় এখানে। আশা ছিল, এই কৃষক বাজারের মাধ্যমে সহজেই ফসল বিক্রি করে লাভবান হবেন তাঁরা। কমবে ফড়েদের দৌরাত্ম্য। কিন্তু বাজার তৈরির প্রায় এক দশক পেরিয়ে গেলেও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। কার্যত অচল হয়ে পড়ে রয়েছে অধিকাংশ ভবন। নষ্ট হয়েছে বিভিন্ন যন্ত্রাংশ। বর্তমানে এই কৃষক বাজারগুলি মূলত সরকারি ধান কেনাবেচার কেন্দ্র হিসেবেই সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ।
কেন এমন পরিণতি? কৃষকদের দাবি, দুই জায়গায় সমস্যার ধরন আলাদা হলেও মূল কারণ সঠিক পরিকল্পনার অভাব। জলঙ্গির জোটতলার কৃষক বাজারের ভৌগোলিক অবস্থান মোটের উপর ভালো হলেও স্থানীয় দুষ্কৃতীদের দাপট এবং ফড়েদের একাংশের দাদাগিরির কারণে শুরু থেকেই কৃষকদের আগ্রহ কমতে থাকে বলে অভিযোগ। বাজার তৈরির সময় কৃষকদের মধ্যে উৎসাহ দেখা গেলেও পরে অনেকেই সেখান থেকে সরে যান। বর্তমানে সরকারি ধান কেনাবেচা এবং ভিতরে থাকা অফিসের কাজে যাতায়াত ছাড়া বাজারটি তেমন কাজে আসে না বলে দাবি স্থানীয়দের।
অন্যদিকে, রানিনগর ১ ব্লকের গোয়াস কৃষক বাজারের সমস্যা মূলত তার অবস্থান ঘিরে। কৃষকদের দাবি, ইসলামপুর থেকে কয়েক কিলোমিটার দূরে হওয়ায় সেখানে যেতে বেশি গাড়িভাড়া ও সময় খরচ করতে হয়। মূল বাজার এলাকা থেকে দূরে হওয়ায় ব্যবসায়ীদের আনাগোনা হয়নি। ফলে গ্রাহকদেরও পা পড়েনি। কোটি কোটি টাকা খরচ করে তৈরি হলেও কার্যত কাজে আসছে না বাজারটি। স্থানীয় বাসিন্দা শাহিন শেখ বলেন, এলাকায় কৃষক বাজার তৈরি হবে শুনে ভেবেছিলাম, আমাদের মতো কৃষকদের হয়তো এবার সুদিন আসবে। কিন্তু পরিকল্পনার অভাবেই তা আর আমাদের কাজে লাগেনি। গোয়াসের মতো জায়গায় কে বাজার করতে আসবে? বাজারটা জমেনি। তাই সেখানে গিয়ে লাভবান হওয়া সম্ভব নয়।
জলঙ্গির বিধায়ক বাবর আলি বলেন, জলঙ্গির জোটতলার ওই কৃষক বাজারের সমস্যার বিষয়টি নজরে এসেছে। খুব দ্রুত সেখানে পরিকাঠামোগত উন্নয়নের জন্য কৃষিদপ্তর ও কৃষি বিপণন দপ্তরে লিখিতভাবে জানাব।



