লখনউ, ২৮ জুলাই: শ্রাবণ মাসের পুণ্য তিথিতে মহাদেবের মন্দিরে জল ঢালতে ও পুজো দিতে গিয়েছিলেন প্রচুর পুণ্যার্থী। কিন্তু ঘটে গেল বিপত্তি। গতকাল, রবিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বরাবাঁকির হায়দারগড়ে ঔশানেশ্বর মহাদেব মন্দিরে জলাভিষেকের জন্য জড়ো হয়েছিলেন অসংখ্যা পুণ্যার্থী। সেই সময়ে একটি টিনের ছাউনির উপরে ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। আর সেই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হয়। হুড়োহুড়ি শুরু করেন পুণ্যার্থীরা। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়ে এদিক ওদিক ছুটতে থাকেন সকলেই। যার ফলে পদপিষ্টের মতো ঘটনা ঘটে। আর সেই কারণেই মৃত্যু হয় দু’জনের। জখম কমপক্ষে ২৯ জন পুণ্যার্থী।
সূত্রের খবর, পদপিষ্ট হয়ে জখমের পাশাপাশি অনেকেই তড়িদাহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার সময়ে মন্দির চত্বরে যথেষ্ট পুলিসি নিরাপত্তা ছিল। কিন্তু পুণ্যার্থীদের হুড়োহুড়ির জেরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এই বিষয়ে জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠি জানিয়েছেন, ‘কিছু হনুমান ওই বিদ্যুতের তারে ঝাঁপিয়ে পড়ে। যার ফলে তারটি ছিঁড়ে মন্দির লাগোয়া টিনের ছাউনির উপর পড়ে যায়। আর তখনই অনেক পুণ্যার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনাস্থলে উচ্চপদস্থ আধিকারিকদের পাঠিয়েছেন তিনি। সঙ্গে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। গতকাল, রবিবার হরিদ্বারে মনসা মন্দিরে পদপিষ্টের জেরে আটজনের মৃত্যু হয়েছে। জখন হয়েছেন অনেকেই।