


ওয়াশিংটন: বিষাক্ত ছত্রাক প্রয়োগ করে মার্কিন কৃষিক্ষেত্রকে ধ্বংসের চক্রান্ত। এই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দু’জন চীনা গবেষককে গ্রেপ্তার করল ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ধৃতরা হলেন ইউনকিং জিয়ান (৩৩) এবং জুনিয়ং লিউ (৩৪)। তাঁরা দু’জনেই লিভ ইন সম্পর্কে রয়েছেন। বুধবার এফবিআইয়ের ডিরেক্টর ক্যাশ প্যাটেল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁদের গ্রেপ্তারের খবর জানান।
মিশিগানের ইস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, ধৃত দুই চীনা নাগরিকের বিরুদ্ধে ষড়যন্ত্র, পাচার, ভুয়ো তথ্য ও ভিসা ব্যবহারের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ফুসারিরিয়াম গ্রামিনিয়ারাম নামে একটি বিষাক্ত ছত্রাক আমেরিকায় পাচারের চেষ্টা করছিলেন তাঁরা। দেশের ধান, গম, বার্লি ও ভুট্টা চাষে এই বিষাক্ত ছত্রাক ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল তাঁদের। এই ছত্রাক প্রয়োগ করা হলে গাছ গোড়া থেকে পচে নষ্ট হয়ে যায়। এই ঘটনাকে কৃষির উপর সন্ত্রাসবাদী হামলা হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন প্রশাসন। শুধু তাই নয়, আমেরিকায় কৃষি সন্ত্রাস চালানোর জন্য তাঁদেরকে চীনের কমিউনিস্ট সরকার অর্থ দিয়েছিল বলে অভিযোগ। ২০২৪ সালের জুলাই মাসে ডেট্রয়েট বিমানবন্দর দিয়ে ওই ছত্রাক ব্যাগে করে পাচারের চেষ্টা করছিলেন লিউ। মিশিগান বিশ্ববিদ্যালয়ে ওই বিষাক্ত ছত্রাক পরীক্ষা করার উদ্দেশ্য ছিল তাঁর। ওই বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে সঙ্গে যুক্ত রয়েছেন তাঁর বন্ধু জিয়ান। পরে ওই ছত্রাক ভর্তি ব্যাগ এফবিআইয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। তখনই জানা যায় ওই ছত্রাক বিষাক্ত। মানব শরীরে তা প্রবেশ করলে লিভারের মারাত্মক ক্ষতি করতে সক্ষম। ক্যাশ প্যাটেল এক্স হ্যান্ডলে লিখেছেন, এই ছত্রাক ফসলের পচন রোগ ধরাতে সক্ষম। শুধু তাই নয়, মানুষের শরীরেও তার মারাত্মক প্রভাব পড়ে।