সংবাদদাতা, ঘাটাল: হাল্কা ঝড় উঠেছিল, সঙ্গে শুরু হয়েছিল বৃষ্টিও। সেই মুহূর্তেই বাড়ি ফেরার তাড়ায় বেপরোয়া গতিতে যাওয়া দুই বাইকের পাশাপাশি সংঘর্ষে চার যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দুই যুবক। মঙ্গলবার রাতে চন্দ্রকোণা থানার বুড়িরপুকুরের কাছে ঘাটাল-ক্ষীরপাই রাস্তার উপর দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম সুজন দোলই(২৮), শেখ ইসরায়েল(৩২), হানিফ মণ্ডল(৩০) এবং সৈকত আলি বায়েন(২৮)। সুজনের বাড়ি হুগলি জেলার কাকনানে। ইসরায়েলের বাড়ি ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ক্ষীরপাই শহরের ৯ নম্বর ওয়ার্ডে। বাকি দু’জনের বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুরে।
চন্দ্রকোণা থানার পুলিস জানিয়েছে, দু’জন দুর্ঘটনাস্থলেই মারা যান। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে বাকি দু’জনের মৃত্যু হয়। বাইকে সওয়ারী জখম যুবক কোতুলপুরের সইদুল্লাহ বায়েন ঘাটল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। জখম এক পথচারীকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। বুধবার মৃতদেহগুলি ময়না তদন্তের পর মৃতের পরিজনদের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৭টা নাগাদ। ওই পাঁচজন যুবকই পেশায় রাজমিস্ত্রি। ঘাটাল শহর সংলগ্ন এলাকায় একটি বাড়িতে রড বাঁধার কাজে এসেছিলেন। মৃতের এক পরিজন শেখ রাজু বলেন, যেখানে বাড়ি তৈরির কাজ হয় সেখানেই প্রত্যেকে বাড়িভাড়া নিয়ে থাকেন। ওই দিন সন্ধ্যাতে পাঁচজন মিলে ক্ষীরপাই শহরের ইসরায়েলের বাড়িতে গিয়ে ওখান থেকেই রাতে ফের কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। সেই মতো কাজ সেরে পাঁচজনে দু’টি বাইকে ক্ষীরপাই শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় হাল্কা ঝড়ও উঠেছিল। ঘাটাল-ক্ষীরপাই রাস্তার পাশে চন্দ্রকোণা থানার বুড়িরপুকুরের সামনে রাস্তার পাশে একটি বোলেরো গাড়ি দাঁড়িয়েছিল। ঘাটালের দিক থেকে একটি বাইকে তিনজন এবং অন্য বাইকে দু’জন ঝড়ের গতিতে পাশাপাশি চালিয়ে ক্ষীরপাই শহরের দিকে যাচ্ছিলেন। বুড়িরপুকুরের সামনে দাঁড়িয়ে থাকা বোলেরো গাড়িটিকে বাইক দু’টি পাস দেওয়ার সময় ক্ষীরপাইয়ের দিক থেকে অন্য একটি গাড়ি আসছিল। তাতেই বাইক চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পাশাপাশি থাকা দু’টি বাইকের মধ্যে ধাক্কা লাগে। বিকট শব্দ হয়। বাইক এবং বাইক সওয়াররা দুর্ঘটনাস্থল থেকে অন্তত ১০ মিটার দূরে পিচ রাস্তায় ছিটকে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইক চালক ও আরোহী কারও মাথায় হেলমেট ছিল না। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। বাকি তিন জনকে টোটোয় করে প্রথমে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে আরও দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার দুদিকে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিস গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।