মুম্বই: মাফিয়াদের থেকে খুনের হুমকি-ফোন পেলেন ক্রিকেটার রিঙ্কু সিং। সূত্রের খবর, ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানির থেকে হুমকি দেওয়া হয়েছিল তাঁকে। ঘটনার তদন্তে নেমে দুই দুস্কৃতিকে গ্রেফতার করেছে পুলিশ। এক বেসরকারী সংবাদ মাধ্যেমের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেটারের থেকে পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছিল। তা না দিলে খুন করা হবে, এমন হুমকিও দেওয়া হয়। দুস্কৃতিদের থেকে রিঙ্কুর কাছে প্রথমবার ফোন আসে ফেব্রুয়ারি মাসে। এপ্রিলের মধ্যে আরও দু’বার হুমকি বার্তা পৌঁছায়। এরপরেই মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার। তদন্তে নেমে ত্রিনিদাদ ও টোবাগো থেকে দিলশাদ ও নাভিদকে গ্রেফতার করে ভারতে আনা হয়। তাদের জেরা করে আরও তথ্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।



