বেঙ্গালুরু: রেল স্টেশনের কাছে তরুণীকে ধর্ষণের অভিযোগ। বৃহস্পতিবার ভোর রাতের এই ঘটনাটি বেঙ্গালুরুর। ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। নির্যাতিতার ভাইকে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে। ধৃতদের নাম আসিফ ও সৈয়দ। দু’জনেই কে আর পুরমের বাসিন্দা। ওয়াইটফিল্ডের ডিসিপি শিবকুমার গুনার বলেন, ‘ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের জেরা করা হচ্ছে।’
সূত্রের খবর, কেরলে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিল বিহারের বাসিন্দা ওই তরুণী। ভাইকে নিয়ে বাড়ি ফিরছিল সে। বুধবার মাঝরাতে ১টা ২০ নাগাদ ট্রেন থেকে কে আর পুরম স্টেশনে নামে তারা। খাবারের সন্ধানে মহাদেবপুরায় যাওয়ার সময় দু’জনের উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্তরা। অভিযোগ, প্রথমে তরুণীর ভাইকে বেধড়ক মারধর করে সৈয়দ। তারপর স্টেশনের কাছে অন্ধকার এলাকায় টেনে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করে আসিফ। তরুণীর চিৎকার শুনে এগিয়ে আসেন পথচারীরা। খবর দেওয়া হয় পুলিসকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রাতের দায়িত্বে থাকা পুলিস কর্মীরা। পালানোর আগেই অভিযুক্তদের ধরে ফেলে ক্ষুব্ধ জনতা। মারধর করে দু’জনকে পুলিসের হাতে তুলে দেন তাঁরা।