নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডলের রক্ষাকবচ মামলার শুনানি ফের পিছিয়ে গেল। বৃহস্পতিবার শুনানিতে রাজ্যকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, আগামী মঙ্গলবার অর্থাৎ ১ ডিসেম্বর শুনানি হবে। ৭ ডিসেম্বর পর্যন্ত রক্ষাকবচ রয়েছে টুলুর। তার আগেই মামলাটি শুনবে আদালত। এর আগে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে যায়। রক্ষাকবচের মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে কোনো লুক আউট সার্কুলার জারি হয়েছে কি না, তা জানতে চেয়েও একটি মামলা করেছিলেন টুলু। ওই মামলায় রাজ্য জানিয়েছে, আপাতত টুলুর বিরুদ্ধে কোনো লুক আউট সার্কুলার নেই। এই মামলায় এদিন মুখবন্ধ খামে একটি রিপোর্টও জমা দিয়েছে রাজ্য।



