সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: সীমানা প্রাচীর নেই স্কুলে। দিনে স্কুল চত্বরেই চলছে গোরু ছাগলের অবাধ বিচরণ। রাতে বসে নেশার আসর। অপরদিকে রাতের অন্ধকারে স্কুলে বারবার চুরির ঘটনা ঘটছে। অবিলম্বে সীমানা প্রাচীর তৈরির দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তুলসীহাটা চক্রের কর্পূরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের এই চিত্র সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুলসীহাটা চক্রের শেষ সীমানায় অবস্থিত স্কুলটি। স্কুলে সীমানা প্রাচীর না থাকায় রাতে স্কুলের বারান্দায় বসে নেশার আসর। সকালে এসে শিক্ষক ও পড়ুয়ারা দেখতে পায় স্কুলের বারান্দা ও মাঠে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মদের বোতল, পোড়া সিগারেট, গুটখার প্যাকেট, পোড়া ফয়েল পেপার ও দেশলাই কাঠি। পড়াশোনা করার আগে সে সব পরিষ্কার করতে হচ্ছে তাদের। স্কুলের এমন ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি প্রশাসনকে জানালেও কোনও স্থায়ী সমাধান না হওয়ায় বিরক্ত পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকরা।
এক অভিভাবক ছোটন সেখ বলেন, সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতরা ঢোকার সুযোগ পাচ্ছে। রাতে নেশাখোরদের আড্ডার জায়গা হয়ে উঠেছে স্কুল মাঠ ও বারান্দা। বসছে নেশার আসর। আর যার ফলে নষ্ট হচ্ছে স্কুলের পরিবেশ। এসব বন্ধ করার জন্য অবিলম্বে স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ করা প্রয়োজন।



