সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ শহরের মেইন রোড সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে এর মধ্যেই। এজন্য শুক্রবার মাপজোখ করা হল। এদিন এসডিও, পূর্তদপ্তরের (সড়ক) ইঞ্জিনিয়ার, পুরসভার প্রতিনিধিদের উপস্থিতিতে রাস্তা মাপা হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৭ নম্বর ওয়ার্ডের থানা মোড় থেকে পুরসভার শেষ সীমানা পর্যন্ত প্রায় তিন কিমি রাস্তা তৈরির অনুমোদন এসেছে। রাস্তাটি ১০ মিটার চওড়া হবে। দু’ধারে থাকবে হাইড্র্যান্ট। কয়েকটি জায়গায় থাকবে ডিভাইডার। এতে মোট খরচ হবে ১৪ কোটি টাকা।
কোচবিহার থেকে অসমগামী ১৭ নম্বর জাতীয় সড়ক থেকে শহরের মূল রাস্তাটি ঢুকে পড়েছে। তুফানগঞ্জ-ভাটিবাড়িগামী এই রাজ্য সড়কটিকে শহরের লাইফ লাইন বলা হয়। এর দু’পাশে রয়েছে থানা, বিডিও অফিস, আদালত, পুরসভা, এসডিও অফিস সহ কয়েকশো দোকান। এই রাস্তাটি সর্বক্ষণই ব্যস্ত থাকে। দিন দিন অটো, টোটো, যাত্রীবাহী গাড়ির সংখ্যা বাড়ছে। তাই মাঝেমধ্যে এই সড়কে যানজট হয়। এই সমস্যা নিরসনে দীর্ঘদিন থেকে শহরবাসী মেইন রাস্তাটি চওড়ার করার দাবি করে আসছেন। অবশেষে সেই দাবি এবার মিটতে চলেছে।
শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী কমলকৃষ্ণ কুণ্ডু বলেন, আমরা বহুদিন থেকেই রাস্তা চওড়ার করার দাবি পুরসভা, প্রশাসনের কাছে জানিয়ে আসছি। রাস্তাটি চওড়া হলে শহরবাসীর দুর্ভোগ অনেকটাই কমবে। ৯ নম্বর ওয়ার্ডের লম্বাপাড়ার বাসিন্দা কুণাল মুখোপাধ্যায় বলেন, এতে একদিকে যেমন যানজট সমস্যা মিটবে তেমনই শহরের সৌন্দর্যায়নও হবে। নাগরিক স্বাচ্ছন্দ্য অনেকটাই বাড়বে।
পূর্তদপ্তরের কোচবিহার জেলা আধিকারিক সুরজিৎ সরকার বলেন, টেন্ডার প্রক্রিয়া চলেছে। এদিন প্রাথমিক পর্যায়ের মাপজোখ করা হল। তুফাগঞ্জ পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা ঈশোর বলেন, আমরা রাজ্য সরকারের কাছে দীর্ঘদিন থেকে রাস্তা সম্প্রসারণের দাবি করে আসছিলাম। অবশেষে সবুজ সঙ্কেত মিলেছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই কাজ শুরু করা হবে।