সংবাদদাতা, ফালাকাটা: টোটোয় পণ্য পরিবহণ নিষিদ্ধ করেছে প্রশাসন। কিন্তু তারপরেও অধিকাংশ টোটোচালক প্রশাসনের নির্দেশিকা অমান্য করে টোটোয় তুলছে পণ্য। জাতীয় সড়কে চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। ফালাকাটা শহরে প্রশাসনের সবরকম নির্দেশিকা অমান্য করেই ছুটছে টোটো। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে প্রতিপদে। শীতের মরশুমে কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়তে পারে বলে মনে করছে ফালাকাটার ট্রাফিক পুলিস।
Advertisement
ট্রাফিক ওসি সাদিকুর রহমান বলেন, আমার প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। থানার আইসি সাহেবের নির্দেশে শহরে যানজট এড়াতে এবং কুয়াশার জন্য দুর্ঘটনার আশঙ্কা রুখতে সরকারি নির্দেশিকা পালনের জন্য নজরদারি বৃদ্ধি করা হয়েছে। টোটোয় পণ্য পরিবহণ পুরোপুরি নিষিদ্ধ। টোটোর ডান দিক দিয়ে যাত্রী ওঠানো-নামানো যাবে না। টোটোচালকদের এসব ফের একবার করে জানিয়ে দেওয়া হচ্ছে। এরপরেও কেউ আইন না মানলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাজেয়াপ্ত করা হবে টোটো।



