Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটোয়, জিপে, স্কুটিতে চেপে প্রচার উপ নির্বাচনের প্রার্থীদের

টোটোয়, জিপে, স্কুটিতে চেপে প্রচার উপ নির্বাচনের প্রার্থীদের
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দুয়ারে উপ নির্বাচন। বুধবার প্রচারে ঝড় তুলল শাসক, বিরোধী উভয়পক্ষ। কেউ টোটোয় চেপে, কেউ হুড খোলা জিপে, আবার কেউ স্কুটিতে চেপেই প্রচার সারলেন। গ্রামের পাশাপাশি মেদিনীপুর শহরে প্রচার করলেন প্রার্থীরা। একদিকে শাসক দল বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের নানা দিক তুলে ধরল। অপরদিকে, বিরোধীরা ইস্যু না পেয়ে আরজি কর কাণ্ড সহ বিভিন্ন নারী নির্যাতনকে ভোটের প্রচারে তুলে ধরল। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। প্রচার ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রার্থী নিজে স্কুটি চালিয়ে গোলাপী চক সহ বিভিন্ন এলাকায় প্রচার সারেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন মন্দিরে পুজো দেন। তৃণমূল প্রার্থী বলেন, প্রচারে মানুষের সাড়া পাচ্ছি। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। আমাদের জয় শুধুই সময়ের অপেক্ষা। 
অন্যদিকে, শেষলগ্নে প্রচারে নামলেন গত লোকসভা ভোটে বিজেপির পরাজিত প্রার্থী অগ্নিমিত্রা পল। এদিন মেদিনীপুর শহরের ১৯, ২০, ২২ নম্বর ওয়ার্ডে টোটো গাড়িতে চেপে প্রচার করেন তিনি। পাশাপাশি পায়ে হেঁটেও প্রচার করেন। প্রচারে বিজেপির মহিলা মোর্চার প্রথম সারির নেত্রীরা উপস্থিত ছিলেন। প্রচারে ইস্যু না পেয়ে নারী নির্যাতনকে তুলে ধরে জেলা নেতৃত্ব। 
এদিন অগ্নিমিত্রা বলেন, পশ্চিমবঙ্গে প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। আমাদের মেরুদণ্ড আছে। এক হাজার টাকায় মানুষকে কেনা যাবে না। অপরদিকে, মেদিনীপুর শহর সংলগ্ন মোহনপুর ব্রিজ থেকে প্রচার করেন কংগ্রেস প্রার্থী শ্যামলকুমার ঘোষ। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। শহরের বিভিন্ন এলাকায় হুড খোলা জিপে প্রচার করে কংগ্রেস নেতৃত্ব। এদিন গান্ধী মূর্তির পাশে এক পথসভাও করা হয়। 
এদিন শুভঙ্করবাবু বলেন, রোজই ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু রাজ্য সরকার কিছুই করছে না। রাজ্য সরকারের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন। মানুষ জবাব দেবে। জানা গিয়েছে, এদিন শালবনী ব্লকের গোয়ালডিহি এলাকায় প্রচার করেন সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই। এরপর বিকেলে তিনি মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় প্রচার করেন। প্রচারে দলীয় নেতৃত্ব উপস্থিত ছিল। এদিন সিপিআই প্রার্থী বলেন, প্রচারে ভালো সাড়া পাচ্ছি। কর্মসংস্থান সহ বিভিন্ন দিক প্রচারে তুলে ধরা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ