Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তিস্তা ব্যারেজ দিয়ে বালিপাথরের ট্রাক চলতে দেওয়ার দাবি, অবরোধ

তিস্তা ব্যারেজ দিয়ে বালিপাথরের ট্রাক চলতে দেওয়ার দাবি, অবরোধ
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: ‘দুর্বল’ তিস্তা ব্যারেজ দিয়ে ফের চলতে দিতে হবে বৈধ বালি-পাথর বোঝাই ট্রাক। বুধবার এই দাবিতে উত্তাল হল গজলডোবা। সেখানে তৃণমূলের ঝাণ্ডা হাতে ১২নম্বর রাজ্যসড়ক অবরোধ করেন তিনটি ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা। মালবাজার থেকে শিলিগুড়ি যাওয়ার এটা বিকল্প পথ। প্রতিদিন হাজার হাজার ছোট গাড়ি চলে এই রাস্তা দিয়ে। অবরোধের জেরে বাঁধে বিরাট যানজট। ব্যানার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ চলে। শামিল হন ট্রাক কর্মীরাও। পরে দুপুর বারোটা নাগাদ মাল থানার পুলিস এসে বুঝিয়ে অবরোধ তুলে দেয়। তারপর স্বাভাবিক হয় এই পথ। যদিও অ্যাসোসিয়েশনগুলি নিজেদের দাবিতে অনড়। এই ব্যাপারে মালের এসডিও শুভম কুন্ডাল বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখব। 
Advertisement
গজলডোবার তিস্তা ব্যারেজকে দুর্বল সেতু চিহ্নিত করে মাস খানেক আগে হাইট ব্যারিয়ার দিয়ে বালিপাথর বোঝাই ট্রাক চলাচল বন্ধ করে দেয় জলপাইগুড়ি জেলা প্রশাসন। এতে লোকসান হচ্ছে। এমনকি কর্মহীন হয়ে পড়েছেন অনেকে, এমনই দাবি নিয়ে এদিন সকালে বুধবার মালব্লকের ওদলাবাড়ি গ্রামপঞ্চায়েতের গজলডোবায় অবরোধ শুরু হয়। শামিল হয়  ওদলাবাড়ি টিপ্পার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শিলিগুড়ি টিপ্পার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের  সদস্যরা। তাদের অভিযোগ, বালি পাথর বোঝাই ট্রাক চলাচল বন্ধ করায় গাড়ির মালিক থেকে শুরু করে খালাসি, চালক, এমনকি প্রায় ৩০০০শ্রমিক বেকার হয়ে গিয়েছেন। তাই পরিস্থিতি যাতে আরও জটিল না হয়ে যায়, সেজন্য দ্রুত গজলডোবা ব্যারেজের উপর দিয়ে বৈধ বালি-পাথর বহন করার ট্রাক চলাচলের অনুমতি দিতে হবে। ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক গোবিন্দ দাস বলেন, গজলডোবা ব্যারেজ সংলগ্ন ওদলাবাড়ি থেকে একাধিক নদী থেকে রয়ালটি দিয়ে বালি পাথর নিয়ে যাওয়া হত শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায়। কিন্তু, গজলডোবা ব্যারেজ দিয়ে ট্রাক চলাচল বন্ধ থাকার জন্য সমস্ত জায়গায় বালি পাথর যাওয়া বন্ধ হয়ে রয়েছে। পাশাপাশি বেকার হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক। না খেয়ে দিন কাটাতে হচ্ছে। তাই বিভিন্ন ট্রাক অ্যাসোসিয়েশন ও সাধারণ শ্রমজীবী মানুষ শিলিগুড়ি-গজলডোবা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। সমস্যা না মিটলে ফের আন্দোলন  হবে।
সম্পর্কিত সংবাদ