ওয়াশিংটন: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনার অগ্রগতি নিয়ে হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই পরিস্থিতি সামাল দিতে ২৫ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার এমনটাই দাবি করেছেন হোয়াইট হাউসের আর্থিক উপদেষ্টা। জাতীয় অর্থ কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট জানান, চুক্তি সংক্রান্ত আলোচনা নিয়ে রীতিমতো বিরক্ত ট্রাম্প।
হ্যাসেটের দাবি, মার্কিন পণ্যের জন্য বাজার প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। অন্যদিকে, ওয়াশিংটন সবসময় নয়াদিল্লিকে সুযোগ করে দিয়েছে। তাঁর কথায়, ‘বাজার টিকিয়ে রাখতে আমেরিকায় পাঠানো পণ্যের দাম কমাবে ভারত। এটাই হতে চলেছে। বাকিরাও তাই করছে। আমার মনে হয়, ভবিষ্যতে আমেরিকায় পণ্য তৈরি করবে ভারতের কোম্পানিগুলি। ভবিষ্যতে চুক্তির কথা মাথায় রেখে হয়তো বাজার খুলেও দিতে পারে।’ জরিমানা সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি জানান, শীঘ্রই সবকিছু স্পষ্ট হয়ে যাবে। ট্রাম্পের এই কঠোর নীতিকে সমর্থন করছেন না মার্কিন বিদেশ দপ্তরের প্রাক্তন আধিকারিক নিশা বাসওয়াল। ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত বিদেশ মন্ত্রকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নিশা বলেন, ‘চূড়ান্ত চুক্তি না হওয়ার একাধিক কারণ রয়েছে। শুরু থেকেই ভারতীয় পণ্যের উপর ২০ শতাংশ শুল্ক চাপাতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। নয়াদিল্লি সেটা চায়নি।’