হিউস্টন: গত সপ্তাহে ডালাসে স্ত্রী-ছেলের সামনে খুন করা হয় এক ভারতীয় ব্যবসায়ীকে। চাপাতির কোপ মেরে কেটে নেওয়া হয় মাথা। ঘটনায় পূর্বসূরী জো বাইডেনের আমলের অভিবাসন নীতিকে একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুনে অভিযুক্ত ইয়োর্দানিস কোবোস মার্তিনেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত কিউবান অভিবাসী। নিহত ভারতীয় ব্যবসায়ী চন্দ্রমৌলি নাগামাল্লিয়াহের হোটেলেরই কর্মী ছিল সে। কোবোসের অভিবাসন সংক্রান্ত কোনও বৈধ নথি ছিল না বলে জানা গিয়েছে। অতীতেও তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ ছিল। মার্কিন অভিবাসন আধিকারিকরা জানান, বিভিন্ন অভিযোগে আগেও কোবোসকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে কিউবা তাকে ফেরাতে রাজি হয়নি। তাই ২০২৫ সালের ১ জানুয়ারি কোবোসকে ছেড়ে দেওয়া হয়। তৎকালীন বাইডেন প্রশাসনের এহেন পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ধৃত যুবককে ‘অবৈধ এলিয়েন’ আখ্যা দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, বাইডেন আমলের দুর্বল অভিবাসন নীতির জন্যই এটা সম্ভব হয়েছে।



