ওয়াশিংটন ও নয়াদিল্লি: নতুন শুল্ক নীতি নিয়ে হঠাত্ই সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় বুধবার রাতে তিনি ঘোষণা করেন, এখনও পর্যন্ত যে সব দেশের বিরুদ্ধে তিনি পাল্টা শুল্ক (রেসিপ্রোক্যাল ট্যাক্স) চাপিয়েছেন, তা তিন মাস বা ৯০ দিনের জন্য স্থগিত থাকছে। ৭৫টির বেশি দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই সময়কালে শুধুমাত্র ১০ শতাংশ হারে পাল্টা শুল্ক ধার্য থাকবে। তবে চীনকে কোনও ছাড়ই দেওয়া হয়নি। উল্টে চীনের বিরুদ্ধে আরও কড়া মনোভাব নিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, চীনের পণ্যের উপর এখন থেকে ১২৫ শতাংশ হারে শুল্ক ধার্য হবে। এর আগে আমেরিকার বাজারে চীনা পণ্যের আমদানি শুল্ক বেড়ে ১০৪ শতাংশ করা হয়েছিল। এদিন নিজের ‘ট্রুথ’ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প লেখেন, ৭৫টিরও বেশি দেশ আমেরিকার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে শুল্ক নীতি ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কথা বলেছে। এই দেশগুলি আমেরিকার সঙ্গে সংঘাতের পথে হাঁটেনি। তাই তিনি এই দেশগুলির জন্য আপাতত শুল্ক নীতি কার্যকর স্থগিত রাখছেন। একইসঙ্গে তিনি লিখেছেন, যেহেতু চীন বিশ্ব বাজারের প্রতি সম্মান জানায়নি, তাই চীনের উপর ১২৫ শতাংশ কর চাপানো হচ্ছে। চীন একদিন নিজেদের ভুল বুঝতে পারবে। ট্রাম্পের শুল্ক নীতি ঘিরে আমেরিকার অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। টালমাটাল মার্কিন শেয়ার বাজারও। তাই সব মিলিয়ে ট্রাম্প পিছু হটতেই বাধ্য হলেন বলে মনে করছে বাণিজ্য মহল।



