সংবাদদাতা, আলিপুরদুয়ার: কালচিনির ভার্নাবাড়ি ও আলিপুরদুয়ার-২ ব্লকের কোহিনুর চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ। বাগান বন্ধ থাকায় ধৈর্য্যের বাঁধ ভাঙছে দু’টি বাগানের শ্রমিকদের। এই অবস্থায় বন্ধ বাগানগুলি খুলতে আগামীকাল, বৃহস্পতিবার ত্রিপাক্ষিক বৈঠক ডাকল জেলা শ্রমদপ্তর। জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় একই দিনে আগে ও পরে বৈঠকগুলি হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ, বুধবার আলিপুরদুয়ার জেলা সফরে আসছেন। মুখ্যমন্ত্রীকেও জানানো হবে বাগান দু’টি খুলতে কাল ত্রিপাক্ষিক বৈঠক হবে।
শ্রমদপ্তরের বীরপাড়া সার্কেলের সহকারী শ্রম কমিশনার অমিত দাস বলেন, দু’টি বন্ধ বাগান খুলতে বৃহস্পতিবার ডুয়ার্সকন্যায় ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সেখানে মালিকপক্ষ ও ট্রেড ইউনিয়নগুলির প্রতিনিধিরাও হাজির থাকবেন। আশা করছি, বৈঠক ফলপ্রসূ হবে।
উল্লেখ্য, ভার্নাবাড়ি চা বাগানের স্থায়ী ১১০০ জন শ্রমিককে দুর্গাপুজোর ২০ শতাংশ বোনাস দিয়েছিল মালিকপক্ষ। কিন্তু বাগানের স্টাফ, সাব স্টাফ ও অস্থায়ী শ্রমিকদের পুজোর বোনাস না দিয়েই লকআউট ঘোষণা করে বাগান ছেড়ে চলে যায় মালিকপক্ষ। পরে শ্রমদপ্তর দু’বার বৈঠক ডাকলেও, মালিকপক্ষ গরহাজির ছিল। ফলে দু’বারই বৈঠক ভেস্তে যায়। এবার কালকের বৈঠকে কী হয় সেটাই এখন দেখার।
অন্যদিকে, কোহিনুর চা বাগানে শ্রমিক সংখ্যা ৮৮৮ জন। শ্রমিকদের বকেয়া মজুরি না মিটিয়েই মালিকপক্ষ বাগান বন্ধ করে দিয়ে চলে যায় বলে অভিযোগ। কিন্তু শ্রমদপ্তরের একাধিক বৈঠকের পরেও খোলা যায়নি বাগান। ফলে কাল কোহিনুর নিয়ে কী হয় সেটাও দেখার। এদিকে, বার বার বৈঠকের পরেও না খোলায় দু’টি বাগানের শ্রমিকরা ধৈর্য্য হারাচ্ছেন। ফলে শাসক দলের নেতৃত্বের উপরও চাপ বাড়ছে। যদিও শাসক দল বিজেপির শ্রমিক সংগঠন বিটিডব্লুইউয়ের চেয়ারম্যান এমপি মনোজ টিগ্গা বলেন, আমাদের সরকার বন্ধ বাগান খুলতে তৎপর। আশা করছি, ভার্নাবাড়ি ও কোহিনুর বাগান খুলতে ত্রিপাক্ষিক বৈঠক সফল হবে।



