Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটমানি চেয়ে হুমকি, অভিযুক্ত তৃণমূল যুবনেতা

এনিয়ে ইতিমধ্যেই ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

কাটমানি চেয়ে হুমকি, অভিযুক্ত তৃণমূল যুবনেতা
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: ফাঁসিদেওয়ার তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি মহম্মদ জিয়ারুল হকের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ নিয়ে সরব হয়েছে ঠিকাদার এজেন্সি।এনিয়ে ইতিমধ্যেই ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 

Advertisement

প্রসঙ্গত, তিস্তা ক্যানেল ডিভিশনের পক্ষ থেকে ফাঁসিদেওয়ার ফাটামারি থেকে হাপ্তিয়াগছ পর্যন্ত প্রায় ১২ কিমি ক্যানেল সংস্কারের কাজ শুরু হয়েছে। সেই মতো ব্লকের চটহাটের নিজবাড়ি থেকে কুচিয়া মোড় পর্যন্ত প্রায় দুই কিমি মহানন্দা ক্যানেল মেরামতের বরাত পেয়েছে এক এজেন্সি। গত তিন মাস ধরে মেরামতের কাজ করছে ওই ঠিকাদার সংস্থা। অভিযোগ, গত সোমবার টিএমওয়াইসি’র অঞ্চল সভাপতি দলবল নিয়ে কাজ বন্ধ করে দেন। এরপর কমিশন বাবদ ২০ হাজার টাকা দাবি করেন। যা দিতে ঠিকাদার এজেন্সি রাজি হয়নি। এরপর এজেন্সির বেশকিছু যন্ত্রাংশ ক্যানেলের জেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী ঠিকাদারকে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়। 
পরে এনিয়ে অভিযুক্ত টিএমওয়াইসি নেতা সহ অন্য একজনের নামে ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এজেন্সির কর্ণধার আরমান করিম। তিনি বলেন, কমিশনের জন্য তিন মাস ধরে অভিযুক্তরা বিরক্ত করছিল। দেওয়া হবে না জানিয়ে দেওয়ার পরেও ওরা কাজের জায়গায় এসে কমিশন বাবদ ২০ হাজার টাকা চেয়ে হুমকি দেয়। তা দিতে রাজি না হলে সপরিবারে প্রাণে মারার হুমকি দেয়। 
যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন চটহাট অঞ্চল টিএমওয়াইসি সভাপতি অভিযুক্ত মহম্মদ জিয়ারুল হক। তিনি বলেন, এনিয়ে কিছুই জানি না। আমাকে ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে। 
স্থানীয় বাসিন্দা বিজেপির কিষান মোর্চার জেলা সভাপতি অনিল ঘোষ বলেন, কাটমানি ছাড়া কোনও কাজ হয় না এই রাজ্যে। তৃণমূলের সব নেতাদের কাজের জন্য কাটমানি দিতে হয়। 
ফাঁসিদেওয়া ব্লক-১ টিএমওয়াইসি সভাপতি জয়ন্ত ঢালি বলেন, আমার কাছে এমন কোনও খবর নেই। তবে ঘটনার সত্যতা প্রমাণ হলে আইন আইনের মতো কাজ করবে। ফাঁসিদেওয়া থানার ওসি চিরঞ্জিৎ ঘোষ বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ