সুকান্ত গঙ্গোপাধ্যায়, শিলিগুড়ি: দীর্ঘদিন স্থায়ী উপাচার্য নেই। তবে আর খুব বেশিদিন এই পরিস্থিতি থাকবে না। মাস দুয়েকের মধ্যেই স্থায়ী উপাচার্য নিয়োগ হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এমনই আশা অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে সম্প্রতি সরাসরি আচার্য তথা রাজ্যপাল আর এন রবির দ্বারস্থ হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার সমরকুমার বিশ্বাস। গত ৩০ মাস ধরে বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য নেই,তা তিনি রাজ্যপালের সামনে তুলে ধরেন। রাজ্যপালও তাঁকে জানান, এই বিষয়টি নিয়ে তিনি অবগত ও একই সঙ্গে উদ্বিগ্নও। ১৮ আগস্ট এবিষয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা হওয়ার পর ১৯ আগস্ট রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পাশাপাশি দ্রুত উপাচার্য নিয়োগের আর্জি জানান।
কিন্তু, কলকাতা থেকে আসার পর এই বিষয়ে আর নতুন করে কোনো নথিপত্র বিনিময় বা তথ্য আদানপ্রদান হয়নি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা নির্বাচনি ক্ষেত্রের মধ্যে। এখানকার বিধায়ক আনন্দময় বর্মন। তিনি নিজেও এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। স্বাভাবিক ভাবে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে উপাচার্য না থাকার বিষয়টি নিয়ে মন্ত্রী নিজেও উদ্বিগ্ন। কী করে এখানে দ্রুত উপাচার্য নিয়োগ সম্ভব, তা নিয়ে তিনি নিজেও সচেষ্ট হবেন বলে জানিয়েছেন। আগামী দু’মাসের মধ্যে এই সমস্যা মেটানোর সম্ভব হবে বলে আশাবাদী আনন্দময়।
রাজ্যের অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। আইনি সমাধান হলে আশা করছি, মাস দু’য়েকের মধ্যে উপাচার্য পাওয়া যাবে। শুধু তো এখানে নয়, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এমন অবস্থা হয়ে রয়েছে। আমরা সবদিকেই নজর রাখছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র কমে যাওয়ার বিষয়টিও একদিনের সমস্যা নয়। আমরা ধীরে ধীরে সব কিছুই ঠিক করব।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার সমরকুমার বিশ্বাস বলেন, আমি গত ১৮ আগস্ট কলকাতায় গিয়েছিলাম। সেই সময় সরাসরি রাজ্যপাল আর এন রবি ও উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি। রাজ্যপাল উপাচার্য সম্পর্কিত সমস্ত কথা শুনেছেন। তিনিও খুবই উদ্বিগ্ন। বিষয়টি মেটানোর জন্য খুব চেষ্টা করছেন বলে জানিয়েছেন। ১৯ আগস্ট আবারও উচ্চশিক্ষা মন্ত্রীকে পুরো বিষয়টি জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব তাঁরা একটা উপায় খুঁজছেন বলে আশ্বস্ত করেছেন। অস্থায়ী ভিত্তিতে হলেও একজন উপাচার্য দেওয়া হোক এটাও বলা হয়েছে।